২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলুদার খোঁজে হয়রান সন্দ্বীপ রায়

ঘোষণা দিয়েছিলেন, ফেলুদার গোয়েন্দাগিরির সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে ‘জোড়া ফেলুদা’ দিয়ে। কিন্তু পর্দার ফেলু মিত্তিরকে টালিগঞ্জের চৌহদ্দিতে এখনও খুঁজছেন সন্দ্বীপ রায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 05:19 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ‘ফেলুদা' প্রকাশের পঞ্চাশ বছরে ফেলুদার দুটো গল্প নিয়ে সিনেমা করার পরিকল্পনা করেছিলেন সত্যজিৎ তনয় নির্মাতা স্বন্দীপ রায়। চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। কিন্তু ফেলুদাকেই পাওয়া যাচ্ছে না।

আবীর চট্টোপাধ্যায় একই সঙ্গে ফেলুদা ও ব্যোমকেশ চরিত্রে অভিনয় করায় দর্শকরা নাকি আপত্তি জানিয়েছেন। আর এতেই বিপত্তির জন্ম।

সন্দ্বীপ রায় বলেন, “একই মানুষ ফেলুদা আর ব্যোমকেশ দুটো চরিত্রে অভিনয় করছে, এটা আমারও খারাপ লাগে। শুধু আমারই নয়। আমি তো কেবল আমার ভালো লাগার জন্য ছবি করি না। দর্শকেরও একই মানুষকে ব্যোমকেশ আর ফেলুদা ভাবতে অসুবিধে হচ্ছে।”

প্রযোজনা সংস্থা ইরস ইন্টারন্যাশনাল বিষয়টি ছেড়ে দিয়েছেন পরিচালকের ওপর।

ফেলুদার সবশেষ সিনেমা ‘বাদশাহী আংটি’ মুক্তি পায় ২০১৪ সালের ডিসেম্বরে। একই সপ্তাহে মুক্তি পায় ‘ব্যোমকেশ ফিরে এলো’। দুটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আবীর।

এ বিষয়ে সন্দ্বীপ রায় বলেন, “আবীরের সঙ্গে যেটুকু কথা হয়েছে তাতে আমি ওকে বলেছি শুধুই ফেলুদা চরিত্রে অভিনয় করতে। কিন্তু এর বেশি জোর তো দিতে পারি না। এটা ওর সিদ্ধান্ত। তবে আমি জানি ব্যোমকেশ এবং ফেলুদা দুটো চরিত্রই আবীরের খুব প্রিয়। আমাদের হাতে এখনও সময় আছে। অযথা তাড়াহুড়ো করে কিছু করতে চাই না।”

ফেলুদা স্রষ্টা সত্যজিৎ রায়ের পছন্দের দুই গল্প ‘গোলকধাম রহস্য’ ও ‘সমাদ্দারের চাবি’ নিয়েই চলচ্চিত্র নির্মাণ করতে চান সন্দ্বীপ। বাবার গল্পে পরিচালনায় হাতেখড়ি হওয়া পরিচালক এরই মধ্যে ফেলুদাকে নিয়ে ছটি সিনেমা বানিয়েছেন। সবশেষটি বাদে প্রত্যেকটিতেই ফেলুদার চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী।

গোয়েন্দাগিরির অর্ধ শতক: আসছে 'জোড়া ফেলুদা'

পর্দার ফেলুদা

এসেছে নতুন গোয়েন্দা...