২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরি খান: তারকাপত্নীর চেয়ে বেশি কিছু

তাকে সবাই আজ চেনে শাহরুখ খানের স্ত্রী হিসেবেই। কিন্তু ব্যক্তিগত জীবনে শুধু শাহরুখের স্ত্রী হয়েই থাকেননি গৌরি খান। দীর্ঘদিন ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনিং ও পোশাক নকশা করে। বলিউডের কিং খানের রানী হলেও নিজেকে কেবল এই পরিচয়েই দেখতে নারাজ গৌরি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 05:39 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

সম্প্রতি ভারতীয় দৈনিক মিড-ডেকে গৌরি বলেন, “যখন শুধুমাত্র শাহরুখকে নিয়ে পত্রিকায় শিরোনাম হয়, তখন সত্যি আমার খারাপ লাগে। তার অর্জনগুলো কিন্তু তার নিজের, আমার নয়। আমার কাজ আমি নিজে করি।”

২০১৪ সাল থেকে শুরু হয়েছে তার নিজস্ব ব্র্যান্ড 'গৌরি খান ডিজাইনস'- এর যাত্রা। স্বতন্ত্র নকশার বিলাসবহুল আসবাব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহে রাখার মতো আসবাবও রাখা হয় হয় তার প্রতিষ্ঠানে। সেই সঙ্গে নিয়মিত চলছে তারকাদের বাড়ি সাজানো।

এতো ব্যস্ততার মাঝেও বাড়ির কণিষ্ঠ সদস্য দুই বছরের আব্রামের জন্য ঠিকই সময় বের করে নেন গৌরি। বড় দুই ছেলে মেয়ে আরিয়ান (১৯) এবং সুহানা (১৫) পড়াশোনার খাতিরে থাকে লন্ডনে, তাই বাবা-মায়ের সবটুকু সময় পায় আব্রাম একাই।

তবে গৌরি জানালেন, বাড়িতে থাকার বদলে বাবা শাহরুখের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করে আব্রাম।

“আব্রাম কখনোই বাড়িতে থাকে না। কেউ না কেউ তাকে বাড়ি থেকে নিয়ে যাবেই, কখনও আমার মা আবার কখনও শাহরুখ। কেউ তাকে ছাড়তে চায় না। এখন আব্রাম শাহরুখের সঙ্গে গোয়াতে আছে।”

গৌরির সঙ্গে যখন শাহরুখের প্রেম হয়, তখন তিনি ছিলেন মুম্বাইয়ের এক উঠতি মডেল। তারা বিয়ে করেন ১৯৯১ সালে।