২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেই বিপাশা-কারানের বাগদান?

বলিউডে একদিকে চলছে বিচ্ছেদের মৌসুম, অপরদিকে উঠছে একের পর এক বিয়ের গুঞ্জন। প্রিতি জিনটার পর এবার অভিনেত্রী বিপাশা বাসু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 02:42 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

বিপাশার পাত্রটিকে সবাই চেনেন। তিনি আর কেউ নন, অভিনেতা কারান সিং গ্রোভার। শোনা যাচ্ছে এই মার্চেই আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেবেন দুজন।

গত বছর ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এ অভিনয় করতে গিয়ে পরিচয় হয় বিপাশা-কারান জুটিরএরপর থেকে সব সময় একসঙ্গেই দেখা যাচ্ছে তাদের। প্রেমের কথা স্বীকার না করলেও সিনেমার সেট থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা সবারই চোখে পড়ছে। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে তাদের।

ইন্সটাগ্রাম এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত দুজনের ছবিগুলো দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে অসুবিধা হয়নি গুঞ্জনকারীদের।  

তবে দুজনের সম্পর্ক এগিয়ে নেয়ার বেলায় সবচেয়ে বড় বাঁধা হয়ে দাড়িয়েছেন কারানের সাবেক স্ত্রী জেনিফার উইঙ্গেট। শোনা যাচ্ছিল, সাবেক স্বামীর কাছে মোটা ভরণপোষণ দাবী করে বসে আছেন জেনিফার।  ফলে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হতে দেরি হচ্ছে।

যদিও সম্প্রতি জেনিফার টুইটারে জানিয়েছেন, তিনি কারানের কাছে কোনো ভরণপোষণ চাননি। বরং বিপাশার সঙ্গে সাবেক স্বামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

সুতরাং সংসার পাততে আর দেরি করার কোনো কারণ দেখছেন না বিপাশা-কারান। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি এক পার্টিতে তাদের বাগদানের কথা মুখ ফসকে বলে বসেন এক বন্ধু।