২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চাঁদের পাহাড়' নিয়ে ব্রাজিলে দেব

অজগর, কালো চিতা, কুমিরদের সঙ্গে লড়তে শঙ্কর এবার যাবেন ব্রাজিলে। আর শঙ্কর চরিত্রটিকে পর্দায় রূপ দেয়ার দায়িত্ব পড়েছে দেবের ওপর, তাই শিখতে হচ্ছে ঘোড়ায় চড়া, সাতার কাটা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

পুরনো খবর:

২০১৬তে টালিগঞ্জের প্রতীক্ষিত সিনেমাগুলো
ছোট পর্দায় 'মহানায়ক': উত্তম হবেন প্রসেনজিৎ 
দেব যখন রোমিও
টালিগঞ্জে দেবের দশক পার
বঙ্গবালা আশা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোমাঞ্চ উপন্যাস ‘চাঁদের পাহাড়’ অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের দ্বিতীয় সিনেমাটির শুটিং শুরু হবে মার্চ মাস থেকে। এবারের শুটিং লোকেশন ব্রাজিলের অ্যামাজন জঙ্গল।

ঘোড়ার পাশে দাড়ানো ছবিসহ মাইক্রোব্লগিং সাইট টুইটারে দেব লেখেন, “#সিপি২-এর জন্য প্রশিক্ষণে ফিরলাম। এবার আরও বেশি কঠিন হচ্ছে, তবু #কমলদার জন্য সেরাটাই আশা করা যাক।”

টাইমস অফ ইন্ডিয়াকে পরিচালক বলেন, “আমাদের শিবির বসবে মূলত ব্র্রাজিলের অ্যামাজন অঞ্চলের রাজধানী মানাউসে, সেখান থেকে দুই নদী - রিও নেগ্রো ও রিও সলিমোয়েসে শুটিংয়ে যাবো আমরা। পনির নিচে প্রচুর দৃশ্য ধারণের প্রয়োজনে নিখুঁত সাতারু হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে দেবকে। ‘চাঁদের পাহাড়’-এর চেয়ে এবারের সিনেমাটি দ্বিগুণ বিস্তৃত পটভূমিকায় তৈরি হচ্ছে। সিনেমায় অ্যামাজনের অজগর, কুমির, চিতাবাঘ, র‌্যাটল স্নেকসহ আরো অনেক বিষাক্ত ও ভয়ঙ্কর জীবজন্তুর দেখা পাবেন দর্শক।”

এদিকে দেব বললেন, “আমি যদিও সাতার জানি না, তবে আমাকে অবশ্যই মাঝ সমুদ্রে ডুবন্ত জাহাজের একটি দৃশ্য ধারণের প্রয়োজনে সাতরাতেই হবে। আমাকে আরও লড়াই করতে হবে কালো চিতা, পিরানহা, কুমিরদের সঙ্গে।”

একই ঔপন্যাসিকের কাহিনি অবলম্বনে কমলেশ্বর প্রথম সিনেমাটি নির্মাণ করেন ‘চাঁদের পাহাড়’ নামে, মুক্তি পায় ২০১৩ সালের ডিসেম্বরে। সিনেমাটি চিত্রায়িত হয় আফ্রিকার মরু ও বনাঞ্চলে। বাজেট ও দৃশ্যায়নের কারণে দারুণ আলোচনার জন্ম দেয় সিনেমাটি। মৌলিক কাহিনি অবলম্বনের সিনেমায় দেবের প্রথম অভিনয়ও উতরে যায়।