বঙ্গবালা আশা
বাংলাদেশের শামিমা পারভীন আশা ভারতে ঋত্বিক ঘটকের উপর নির্মিত চলচ্চিত্রে বঙ্গবালা চরিত্রে অভিনয় করে প্রশংসিত।
বাংলাদেশের নৃত্যশিল্পী শামিমা পারভীন আশা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জীবন ও কাজের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’তে বঙ্গবালা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
ভারতে সদ্য মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শুভাশীষ মুখোপাধ্যায় প্রমুখ।
এ বিষয়ে আশা গ্লিটজকে বলেন, “১৪ জুন ভারতের কলকাতার একটি সিনেপ্লেক্সে রেড কার্পেট অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে ১৮ জুন আমি ঢাকায় ফিরেছি। দর্শক ‘বঙ্গবালা’ চরিত্রটির বেশ প্রশংসা করেছেন।”
আশা আরও বলেন, “যদিও আমি একজন নৃত্যশিল্পী, তারপরও কমলেশ্বরের দেওয়া সুযোগটি যথাযথভাবে কাজে লাগাতে চেয়েছি। চরিত্রটিকে পুরো সিনেমায় মাত্র মিনিট পাঁচেকের জন্য দেখা যায়। সিনেমাটি ঋত্বিক ঘটকের জীবন নিয়ে করা। উনি যখন মানসিকভাবে অসুস্থ ছিলেন, সেই সময়ে নিজের তৈরি করা চরিত্রগুলোর সঙ্গে কথা বলতেন। সিনেমাটির শেষ দৃশ্যে দেখা যাবে তিনি বঙ্গবালাকে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কথাও বলছেন। এখানে আমার একটি মাত্র সংলাপ রয়েছে।”
তিনি আরও বলেন, “২০১২ সালের জুনে আমার অংশটির শুটিং হয়। সিনেমাটিতে নেপথ্যকণ্ঠও দিয়েছি। কিছু দৃশ্যে হাসি ও কান্না আমার করা। সব মিলিয়ে এটি আমার প্রথম অভিনয় হলেও জীবনের স্মরণীয় ঘটনাগুলোর একটি হয়ে থাকবে।”
আশা বাংলাদেশের খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলী-নীপা জুটির নাচের দল নৃত্যাঞ্চলের সদস্য। তিনি ২০০৭ সালে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ক্ল্যাসিক্যাল নাচের উপর বৃত্তি পান। এরপর তিনি বিশ্ববিদ্যালয়টি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
