সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ক্যাট
রানবির কাপুরের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ নিয়ে গণমাধ্যমে যতোই কথা হোক না কেন, কোনো ভাবেই মুখ খুলছেন না ক্যাটরিনা। তবে প্রাক্তন প্রেমিক এবং ভালো বন্ধু সালমান খানকে প্রশ্নের জবাব ঠিকই দিলেন।
রানবিরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তাকে ঘন ঘন দেখা যাচ্ছে সালমানের সঙ্গে। এমনকি সালমান সঞ্চালিত রিয়ালিটি শো 'বিগ বস'-এর মঞ্চেও হাজির হয়েছিলেন নিজের নতুন সিনেমার প্রচার চালাতে।
সালমানের সঙ্গে তার সম্পর্কের কি নাম দেয়া উচিৎ? - ইন্ডিয়ান এক্সপ্রেসের এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, "একটি সম্পর্ক বা বন্ধুত্ব বা দুটি মানুষের সমীকরণের কোনো নাম দেয়ার প্রয়োজন নেই। তাদের সমীকরণটা কেমন তা কেবল সেই দুটি মানুষের জানা প্রয়োজন। আর সালমানের কথা বলতে গেলে, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে পরস্পরের জন্য অনেক শ্রদ্ধা রয়েছে এবং আমি নিশ্চিত আপনারা তা দেখতে পান। আর আমার জন্য যে কোনো সমীকরণে শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পরস্পরকে শ্রদ্ধা করি সেটাই সবকিছু বলে দেয় এবং আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই।"
শোনা যায় রানবিরের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলাকালীনই সালমান ক্যাটরিনার পাশে এসে দাঁড়ান। আর সম্পর্কের অন্তের পর দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে তাদের একে অপরের সম্পর্কে দেয়া বক্তব্য প্রমাণ করে দুজনের সম্পর্ক কতটা বিশেষ।
