২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অঙ্গার': যৌথ প্রযোজনার হয়েও দেশি 

বাংলাদেশি চলচ্চিত্রের গত ১০ বছরের রেকর্ড ভাঙার অঙ্গীকার করে প্রেক্ষাগৃহে শুরু হয় ‘অঙ্গার’-এর যাত্রা। রেকর্ড গড়ার মতো উপাদান না থাকলেও, বাংলাদেশি দর্শকের মন যোগানোর কথা মাথায় রাখা হয়েছে সিনেমাটি নির্মাণের সময়।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 01:01 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

যৌথ প্রযোজনার সিনেমা ‘অঙ্গার’ নির্মাণ করেছেন ‘লাভ ম্যারেজ’, ‘কি দারুণ দেখতে’ খ্যাত পরিচালক ওয়াজেদ আলি সুমন। এতে প্রধান চরিত্রে আছেন কলকাতার নায়ক ওম এবং বাংলাদেশের নতুন মুখ জলি।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, আশিস বিদ্যার্থী, খরাজ মুখার্জি এবং অমিত হাসানের মতো শিল্পীরা। এছাড়াও ছিলেন বাংলাদেশের অভিনেতা আহমেদ শরীফ, শিরিন বকুল এবং টাইগার রবি। 

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমাগুলোর ক্ষেত্রে বরাবরই অভিযোগ ওঠে, ভারতের দিকে পাল্লা ঝুকে পড়ার। কিন্তু এবার তার ব্যাতিক্রম চোখে পড়েছে। গান থেকে শুরু করে সংলাপ, লোকেশন - সব কিছুতেই বাংলাদেশি ভাব বজায় রাখার চেষ্টা করা হয়েছে ‘অঙ্গার’ সিনেমায়।

তবে গল্পের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি জাজ মাল্টিমিডিয়া। দক্ষিণ ভারতীয় সিনেমার পুনর্নিমাণ না হলেও ‘অঙ্গার’-এর গল্পে নতুন কিছু খুঁজে পাওয়া যায়নি। পুরনো গল্পেই কিছুটা নতুন বাঁক চালানোর চেষ্টা বলে মনে হয়েছে।

বড়লোক নায়িকা-গরীব নায়কের প্রেম, সংঘাত, আত্মত্যাগ - প্রশ্ন হলো, দর্শক কি তাহলে জাজের কাছে নতুন এবং মৌলিক গল্প আশা করাই ছেড়ে দেবে?

‘অঙ্গার’-এ দেখানো হয়েছে এলাকার এক প্রভাবশালী বাড়ির চাকর বিশুর সঙ্গে লেখাপড়া জানা মেয়ে মায়ার প্রেম। মালিকের প্রতি অনুগত বিশুর সঙ্গে দর্শকের পরিচয় হয় একজন খুনি হিসেবে। পরবর্তীতে বিশুর চরিত্রে সারল্য চোখে পড়লেও তার খুনি রূপ ভোলা সহজ হয় না।

বিশুর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম, তার অভিনয়ের পেশাদারিত্ব চরিত্রটিকে প্রাণ নিয়েছে। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা, জাজের সেই নতুন নায়িকা জলি হতাশ করেছেন। নতুন অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা দেখা গেছে তার মধ্যে, কিন্তু জড়তার পেছনে সে চেষ্টাও ঢাকা পড়ে যায়। জলির চরিত্রটি এখানে চিরায়ত এক নারীর, যে কি না ভালোবাসার কাঙাল এক যুবককে নিজের বাহুডোরে বাঁধে। এক্ষেত্রে তার অভিনয়ে আরো আবেগ ফুটিয়ে তোলা একান্ত প্রয়োজন ছিল।

নায়ক-নায়িকা বাদে অন্য চরিত্রগুলোতে যদিও এবার নেয়া হয়েছে বেশিরভাগ বাংলাদেশি শিল্পীদের, কিন্তু সিনেমাতে তাদের চরিত্রের গুরুত্ব ছিল অপেক্ষাকৃত কম। দুই প্রভাবশালী পরিবারের প্রধান সরকার এবং মণ্ডলের চরিত্রে ছলেন কলকাতার রজদাভ এবং আশিস,  এছাড়া খরাজ মুখার্জির চরিত্রটিও পর্দায় পেয়েছে অনেকটা সময়।

অপরদিকে তাদের সঙ্গ দিয়েছেন আমাদের দেশের শিল্পীরা। তবে ক্যামেরার সামনে তাদের উপস্থিতির দৈর্ঘ্য ছিল অনেক কম।

‘অঙ্গার’-এ বলা হয়েছে বান্দরবানে অবস্থিত দুই পরিবারের গল্প। বাংলাদেশের এই পর্যটন শহরের সৌন্দর্য পুরোপুরি কাজে লাগানো হয়েছে। উন্নতমানের চিত্রায়নের কারণে বান্দরবানের সৌন্দর্যকে নতুন করে উপভোগ করার সুযোগ মিলবে এই সিনেমায়। বিশেষ করে পাহাড়ের কোলে বসে নায়ক-নায়িকার প্রেম করার স্থানটি দেখে অনেক জুটির মনেই ঈর্ষা জাগবে। সিনেমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেললেও শুধু বান্দরবানের সৌন্দর্য দেখার জন্যে অনেকেরই ইচ্ছা করবে আসন ছেড়ে না উঠতে।

অ্যাকশন-রোমান্স ধাঁচের সিনেমা ‘অঙ্গার’-এ অ্যাকশন দৃশ্যের কোনো কমতি ছিল না, তবে নাটকীয়তা বেশি চোখে পড়েছে। সিনেমার গানগুলো ছিল বাংলা লোকগানের প্রভাবযুক্ত, চিত্রায়নের ক্ষেত্রে কিছুটা বলিউডি ধাঁচ দেখা যায়। তবে দুই সংস্কৃতির সংমিশ্রণ এবং বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য গানগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা।

‘অঙ্গার’ সিনেমাটি নির্মিত হয়েছে মূলত বাংলাদেশি দর্শকের কথা মাথায় রেখেই। বাংলাদেশি পরিচালক ওয়াজেদ আলি সুমনের হাতে নির্মিত হওয়ায় ঢাকাই সিনেমার বৈশিষ্ট্য বজায় থেকেছে। সব মিলিয়ে বলা যায়, এবার হয়তো তাদের সিনেমাতে ভারতীয় ভাব থাকার অভিযোগ দূর করতে পারবে জাজ।