'হ্যারি পটার' শেষে যে বিদায়ী চিঠি লেখেন রিকম্যান
প্রফেসর সেভেরাস স্নেইপ - অসম সাহসী জাদুকর। ভালোবাসার জন্য মৃত্যুকে আলিঙ্গন করা এই জাদুকরের চরিত্রটিকে পর্দায় মূর্ত করে তোলা অভিনেতা অ্যালান রিকম্যান আর নেই। 'হ্যারি পটার'- সিরিজের অন্যতম এই স্মরণীয় অভিনেতা তার চরিত্রের অন্তে লিখেছিলেন এক চিঠি। ২০১১ সালের এপ্রিলে লেখা সেই চিঠিতে তিনি তুলে ধরেন সিরিজটির প্রতি তার ভালোবাসার কথা।
“এইমাত্র ডাবিং স্টুডিং থেকে ফিরে এলাম, যেখানে সেভেরাস স্নেইপ হিসেবে এটাই ছিল আমার শেষবারের মত কণ্ঠ দেওয়া। পর্দায় দেখানো হচ্ছিল ১০ বছর আগের ড্যানিয়েল, এমা এবং রুপার্টের কিছু ফ্ল্যাশব্যাক। তাদের তখন ১২ বছর বয়স। আমিও মাত্রই নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছি, ড্যানিয়েলকে দেখলাম ব্রডওয়েতে (থিয়েটার) অসাধারনভাবে নাচতে ও গান গাইতে। মনে হলো মুহূর্তেই জীবনের পুরো সময়টা পার হয়ে গেছে।
জো রাওলিং (জেকে রাওলিং)-এর সঙ্গে সেই ফোন কলের সময়ের পর এতদিনে সেই তিন কিশোর এখন বড় হয়ে গেছে। সেই ফোন কলে আমাকে ছোট্ট একটি ইঙ্গিত দেয়া হয়েছিলো যে, অপরিবর্তিত পোশাক ছাড়াও স্নেইপের চরিত্রটিতে আরো অনেক কিছু আছে। যদিও সে সময় মাত্র তিনটি বই প্রকাশিত হয়েছিল, সে (রাওলিং) নিশ্চিতভাবেই অসাধারণ এই কাহিনি তার নিজের কাছেই ধরে রেখেছিলো।
গল্পের অংশ হওয়া একটা আদি আকাঙ্ক্ষা। কিন্তু গল্পের একজন ভালো গল্পকার প্রয়োজন। সবকিছুর জন্য ধন্যবাদ জো।”
চিঠি থেকে জানা যায় রিকম্যান জেকে রাওলিং এর সাতটি বইয়ের সিরিজটি সম্পূর্ণ হওয়ার আগেই রাজি হয়েছিলেন স্নেইপের চরিত্রে অভিনয়ের জন্য। এটি নিঃসন্দেহে তার জন্য বড় একটি পদক্ষেপ ছিলো, কারণ সিরিজের শুরুর দিকে তাকে দেখানো হয় অন্যতম প্রধান একটি খল চরিত্র হিসেবে। সিনেমার একেবারে শেষ পর্বে দেখা যায় রহস্যময় প্রফেসর স্নেইপ আসলে হ্যারি পটারের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী।"
