চলে গেলেন ডেভিড বোয়ি
সত্তর এবং আশির দশকের কিংবদন্তী ব্রিটিশ সঙ্গীত তারকা ডেভিড বোয়ি আর নেই। নিজের গান আর অসামান্য প্রতিভা দিয়ে জগত মাতানো জিগি স্টারডাস্ট তারকা শেষ পর্যন্ত যুদ্ধে হার মেনেছেন ক্যান্সারের কাছে।
সোমবার সকালেই তার প্রচার কর্মকর্তা স্টিভ মারটিন বোয়ির মৃত্যুর খবর নিশ্চিত করেন। এরপরই ফেইসবুক এবং টুইটারে ছড়িয়ে পড়ে ৬৯ বছর বয়সী বোয়ির প্রয়াণ সংবাদ।
বোয়ির সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধি এক বিবৃতিতে জানান, "১৮ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তিনি তার পরিবারের সকলের উপস্থিতিতে কোনো যন্ত্রণা ছাড়াই এই পৃথিবী থেকে বিদায় নেন।"
১৯৪৭ সালে জন্ম নেয়া এই ব্রিটিশ শিল্পী পপ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেন। একাধারে গায়ক, বাদক, গীতিকার, রেকর্ড প্রযোজক, চিত্রকর ও অভিনেতা বোয়ি চার দশক ধরে পপ আইকন হিসেবে স্বীকৃত হয়েছেন। উপহার দিয়েছেন 'দ্য ম্যান হু সোল্ড দ্য ওয়ার্ল্ড', 'স্পেইস অডিটি', 'রেবেল রেবেল', 'হিরোজ' এর মত কালজয়ী কিছু গান।
