২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামি এখন দিপিকা

নায়কদের সঙ্গে পাল্লা দেয়ার দৌড়ে দিপিকা পাড়ুকোন যে অনেকটাই এগিয়ে আছেন তার প্রমাণ দিয়েছেন ২০১৫ সালেই। 'পিকু', 'বাজিরাও মাস্তানি'র মতো সিনেমার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন একটি সিনেমার পুরো ভার নিজের ঘাড়ে নেয়ার সামর্থ্য রয়েছে তার। তার ওপর মিলে গেছে হলিউডের টিকিটও। আর তাই পারিশ্রমিকটাও বাড়িয়ে দিয়েছেন সুযোগ বুঝে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, ২০১৫ সালে ছবি প্রতি ১০ কোটি রুপি করে নিতেন দিপিকা। কিন্তু এ বছর তার পারিশ্রমিক বেড়ে হয়েছে ১৫ কোটি! কাজেই ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত, দিপিকাই হচ্ছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা।

২০১৩ সাল থেকেই সাফল্যের জোয়ারে ভাসছেন দিপিকা। গত বছরের শুরুতে সুজির সরকারের ‘পিকু’ তার দুর্দান্ত অভিনয় জানান দিয়েছে, এ বছর অ্যাওয়ার্ড আসরগুলো তারই হতে চলেছে।

বছরের শেষার্ধে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ দেখতে দর্শক প্রেক্ষাগৃহে ছুটেছে মূলত দিপিকার জন্যই। সবশেষে একটি সফল বছরের ইতি টেনেছেন তিনি ‘বাজিরাও মাস্তানি’র মাধ্যমে, যার স্বাদ এখনও উপভোগ করছেন।

শাহরুখ খান এবং কাজলের মতো জনপ্রিয় জুটির সিনেমা ‘দিলওয়ালে’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসিটা হেসেছে ‘বাজিরাও মাস্তানি’। রানভির সিং এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো দুঁদে অভিনেতাদের পাশে যুদ্ধ ও নৃত্যে পারদর্শী এক রাজকুমারির ভূমিকায় দিপিকা সবার নজর কেড়েছেন।

আর তাই এখন কোনো নির্মাতা যদি দিপিকার সঙ্গে কাজ করতে চান, তাকে গুনতে হবে ১৫ কোটি রুপি!