২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বকালের সেরা হবার পথে 'স্টার ওয়ার্স'

ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় গত সাত বছর ধরে শীর্ষে অবস্থান করছে জেমস ক্যামেরন পরিচালিত 'অ্যাভাটার'। তবে হয়তো আর বেশি দিনের জন্য নয়। কয়েক দিনের মধ্যেই 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স' হয়তো ছাড়িয়ে যাবে এই সর্বোচ্চ সাফল্যকে। ইতোমধ্যেই মার্কিন-বক্স অফিসে 'জুরাসিক ওয়ার্ল্ড' এবং 'টাইটানিক'-এর সর্বমোট আয়কে পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

নতুন বছরের ছুটিতে এরই মধ্যে 'স্টার ওয়ার্স'-এর সপ্তম সিনেমা আয়ের খাতায় যোগ করেছে ৮ কোটি মার্কিন ডলার। এখনো শীর্ষে অবস্থান করা সিনেমাটির মার্কিন বক্স-অফিসে বর্তমান আয় ৭৪ কোটি মার্কিন ডলার, যা ছাড়িয়ে গেছে 'জুরাসিক ওয়ার্ল্ড' এবং 'টাইটানিক' এর ৬৫ কোটি ২৩ লাখ এবং ৬৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলারের আয়কে।
 

'অ্যাভাটার' কে ছুঁতে হলে আর মাত্র ২ কোটি মার্কিন ডলার আয় করলেই চলবে 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' এর। ৭০ কোটির অঙ্ক ছাড়াতে 'অ্যাভাটার' এর যেখানে ৭২ দিন লেগেছে, সেখানে 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' ১৯ দিনেই সেই অঙ্কে পৌঁছে গেছে। এই মুহূর্তে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জে জে অ্যাব্রামস পরিচালিত জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমাটি। আর বিশ্বজুড়ে সর্বমোট আয় ছাড়িয়েছে দেড়শ কোটির মাইলফলক।
 

এদিকে 'স্টার ওয়ার্স' সিরিজের ভক্তদের জন্য আগামী পাঁচ বছরই বয়ে আনবে সুখবর। প্রতি বছরই থাকছে ফ্র্যাঞ্চাইজির নতুন একটি করে সিনেমা। এ বছরের শেষে সিনেমাটির স্পিন অফ হিসেবে মুক্তি পাবে 'দ্য রোউগ ওয়ান: এ স্টার ওয়ার্স স্টোরি'। ফেলিসিটি জোনস, ম্যাডস মিকেলসনের মত তারকা নিয়ে এই সিনেমায় উঠে আসবে ডেথ স্টার নির্মাণ কৌশল চুরির জন্য বিদ্রোহীদের অভিযানের গল্প। আর ২০১৭ তে মুক্তি পাবে 'স্টার ওয়ার্স' এর অষ্টম পর্ব। এখনও গল্প ঠিক না হলেও নিজেদের চরিত্রে আবারও ফিরবেন মার্ক হ্যামিল, ডেইজি রিডলি, জন বোয়েগা এবং অস্কার আইজ্যাক।

তরুন হানের চোরা কারবারী হয়ে ওঠার গল্প নিয়ে হান সলো চরিত্রটির উপরই আলাদা একটি সিনেমা আসবে, সেটিও ২০১৮ সালে। আর 'স্টার ওয়ার্স' এর নবম পর্ব মুক্তির জন্য অপেক্ষা করতে হবে ২০১৯ সাল পর্যন্ত। পাঁচ বছরের এই পরিকল্পনায় সর্বশেষ সিনেমা হিসেবে থাকছে 'ক্লোন ওয়ার্স' এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'বোবা ফেট' এর উপর একটি সিনেমা।