২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘বেলাশেষে', যাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’

ঢাকাই সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ আমদানি হচ্ছে ভারতে, এর পরিবর্তে আসছে টালিগঞ্জের সিনেমা ‘বেলাশেষে’। সাফটা চুক্তি অনুযায়ী বাণ্যিজিক সিনেমা বিনিময়ের অংশ হিসেবে দুদেশের সেন্সর সনদ পেয়েছে সিনেমা দুটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 04:02 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

‘ছুঁয়ে দিলে মন’ প্রযোজকের সহযোগী প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট এশিয়াটিকের বিজনেস লিড এমরান মাহবুব গ্লিটজকে বলেন, “সিনেমাটির প্রতি দর্শক ও বাংলাদেশী চলচ্চিত্রামোদীদের আগ্রহই আমাদের উৎসাহিত করেছেন সিনেমাটির প্রচার আরো বাড়াতে এবং ভারতীয় চলচ্চিত্রের আঙ্গিনায় বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আলো ফেলতে। আশা করি বাংলাদেশের ‘ছুঁয়ে দিলে মন’ সেই আশা পূরণ করবে এবং ভারতীয় দর্শকের কাছ থেকে একই সমাদর আদায় করতে পারবে।”

তিনি আরো জানান, “সাফটা চুক্তির অধীনে আমরা বাংলাদেশি যেকোনো সিনেমা সাফটাভুক্ত দেশে বাণ্যিজিকভাবে দেখাতে পারি, বিনিময়ে সেই দেশের সিনেমা আমদানি করে বাণ্যিজিকভাবেই আমাদের দেশেও দেখাতে পারি। ‘ছুঁয়ে দিলে মন’ প্রযোজক এশিয়াটিক ধ্বনিচিত্র এবং মনফড়িং এই পদ্ধতিতেই কাজ করেছে।"

“প্রযোজক ও পরিবেশকের উদ্যমে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে বাণ্যিজিকভাবে ভারতে মুক্তি পেতে যাচ্ছে ছুঁয়ে দিলে মন, এটি স্মরণীয় বিষয়। এই ঐতিহাসিক বিনিময়ে দৃষ্টান্ত স্বরূপ ‘বেলাশেষে’ বাংলাদেশে সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে।”

এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত রোমন্টিক ধাচের ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তি পায় ২০১৫ সালে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন, অভিনয় করেছেন আরেফিন শুভ ও জাকিয়া বারী মম। টালিগঞ্জের সিনেমা  ‘বেলাশেষে’ পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

পরিবেশনা প্রতিষ্টান জিরোনা এন্টারটেইনমেন্টের হেড অফ কনটেন্ট অ্যালায়ান্স অ্যান্ড ইন্টিগ্রেশন শাহান কবন্ধ বলেন, “বাংলাদেশ সরকার ও সেন্সর বোর্ড-এর অনুমতি সাপেক্ষে সিনেমাটি আনা হচ্ছে। একইভাবে ‘ছুয়ে দিলে মন’ ঐ দেশে কমার্শিয়ালি রিলিজের জন্য পাঠানো হয়েছে।”

বাণিজ্যিকভাবে মুক্তি দেয়ার বিষয়ে শাহান আরও বলেন, “প্রচুর বিদেশী সিনেমা প্রায় প্রতিটি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শোভা বাড়ায়। এমনকি ছোট সংগঠন, প্রতিষ্ঠান এবং চলচ্চিত্রবিষয়ক সংগঠনগুলো নিয়মিত বিদেশি সিনেমা দেখান বিভিন্ন উপলক্ষে। সেগুলো নিয়ম মেনে দেখানো হয় নির্দিষ্ট গণ্ডির ভেতর। কিন্তু এই সিনেমা দুটি দুদেশের প্রচলিত সিনেমা প্রর্দশনের নিয়ম মেনে প্রেক্ষাগৃহে উঠবে। সব নিয়ম মেনেই যেহেতু সিনেমাগুলো দেখানো হবে, সেহেতু একটা প্রতিযোগিতার মধ্যেই তারা থাকবে।”

দুই প্রতিষ্ঠান থেকেই জানানো হয়, সব রকমের আইন-কানুন পালন করা হয়েছে, এখন শুধু প্রেক্ষাগৃহে দেখানোর অপেক্ষা, যা শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে।

ফেব্রুয়ারি মাসের একই দিনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সিনেমা দুটি মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেন ইমরান।