২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন টিভি ২০১৫: জন স্নোর মৃত্যু থেকে মিস ইউনিভার্স কাণ্ড

জন স্নোর মৃত্যু থেকে ব্রুস জেনারের লিঙ্গান্তর, সর্বোপরি বছরের শেষে মিস ইউনিভার্স আসরে বিজয়ী বিভ্রাট! সব মিলিয়ে একটি জমজমাট বছর পার করেছে মার্কিন টিভি জগত। এক নজরে দেখে নেয়া যাক ২০১৫ সালের আলোড়ন সৃষ্টিকারী ঘটনাগুলো কি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 10:03 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

৯. কিম-কানইয়ের ‘সেইন্ট’

মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান এবং র‍্যাপার কানইয়ে ওয়েস্টের ঘরে এসেছে সেইন্ট, তাদের দ্বিতীয় সন্তান। ৫ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হয় কিম-কানইয়ে জুটির ছেলে সেইন্ট। জন্মের পর থেকেই তার ছবি প্রকাশের অধিকার নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় মার্কিন ট্যাবলয়েডগুলোর মধ্যে।

সম্প্রতি শোনা যায়, সেইন্ট এবং নর্থ ওয়েস্টসহ ওয়েস্ট পরিবারের কয়েকটি ছবির জন্য দুই থেকে আড়াই লাখ ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে গসিপ ওয়েবসাইট টিএমজি। তবে এবারও নবজাতকের ছবি কারো কাছে বিক্রি করবেন না কিম-কানইয়ে জুটি।

৮. জেরেমি ক্লার্কসন বরখাস্ত

এ বছর ‘টপ গিয়ার’ সিরিজের উপস্থাপক জেরেমি ক্লার্কসনকে সাময়িকভাবে বরখাস্ত করে বিবিসি কর্তৃপক্ষ। সূত্র জানায় একটি ঘটনায় ক্লার্কসনের সঙ্গে এক প্রযোজকের দ্বন্দ্ব হয়। এক পযর্ায়ে ঐ প্রযোজকের গায়ে হাতও তোলেন তিনি। এরই জের ধরে ঘটনার এক সপ্তাহ পর বরখাস্ত হন ক্লার্কসন।

গত বছরের মে মাসে শুটিংয়ের সময় বিদ্বেষমূলক শব্দ ব্যবহার করায় ৫৪ বছর বয়সী ক্লার্কসনকে শেষবারের মতো সতর্ক করে বিবিসি। তবে আরেকটি জনপ্রিয় শো  'হ্যাভ আই গট নিউজ ফর ইউ'-এর নতুন সিজনের সঞ্চালক হিসেবে বিবিসিতে আবারো দেখা যাবে জেরেমি ক্লার্কসনকে।

৭. কেলি কোকোর সংসারে ভাঙন 

‘দ্য বিগ ব্যাং থিওরি’ খ্যাত অভিনেত্রী কেলি কোকো এবং টেনিস খেলোয়াড় রায়ান সুইটিং বিয়ের দুবছরের মধ্যেই দাম্পত্য জীবনের সমাপ্তি টানেন ২৫ সেপ্টেম্বর। মাত্র তিন মাসের প্রেমের পর দুজন বিয়ে করেন ২০১৩ সালের ৩১ ডিসেম্বর।

৬. পিরেলি ক্যালেন্ডারের নতুন রূপ

ইতালির অটোমোবাইল কোম্পানি পিরেলি ১৯৬৩ সাল থেকে স্বল্প সংখ্যক ক্যালেন্ডার প্রকাশ করে আসছে প্রতি বছর। তবে বরাবরের মতো মডেলদের ছবি দিয়ে ২০১৬ সালের ক্যালেন্ডার সাজায়নি কোম্পানিটি। বরং এতে উঠে এসেছে বিভিন্ন অঙ্গনে সাফল্য অর্জন করা নারীদের বাস্তবানুগ ছবি।

সমাজ, সংস্কৃতি, শিল্প এবং ক্রীড়াঙ্গনে নৈপুণ্যের বিচারে ১৩ জন নারীকে বেছে নেয়া হয় এবার, যাদের কেউই মডেল নন। তাই ছবি তোলার ক্ষেত্রেও তাদের দৈহিক আকার কিংবা উপস্থিতির ঢংকে প্রাধান্য দেয়া হয়নি। এতে নগ্ন হয়ে ছবি তুলেছেন মার্কিন কৌতুকাভিনেত্রী এমি শুমার। এছাড়াও দেখা যাবে সেরেনা উইলিয়ামস,  লেখিকা ফ্র্যান লেবোউইটজ, ‘সেলমা’ খ্যাত পরিচালক এভা দ্যুভারনে, রক সংগীতশিল্পী প্যাটি স্মিথ,  চিত্রশিল্পী ইয়োকো ওনোকে।

৫. জন স্নোর মৃত্যু এবং ভক্তদের হতাশা

চরিত্রগুলো দর্শকের স্থায়ী জায়গা করে নেয়ার পর পরই তাদের মেরে ফেলার অভ্যাস লেখক জর্জ মার্টিনের জন্য নতুন নয়। টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’-এর ভক্তদের রীতিমতো চমকে দেয় জন স্নোর মৃত্যু। ২০১৫ সালের এপ্রিলে প্রচারিত পঞ্চম সিজনের শেষ পর্বে এসে হঠাৎ করেই মৃত্যু হয় স্নোর। প্রিয় চরিত্রের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা হতাশার ঝড় বইয়ে দেয়। অবশ্য ষষ্ঠ সিজনেই ফিরতে পারেন জন স্নো। অন্তত এইচবিও প্রকাশিত একটি পোস্টার তাই বলছে। তবে এখনই মুখ খুলতে রাজি নন নির্মাতারা।

৪. এমির মঞ্চে ইতিহাস গড়লেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী

২০১৫ সালের ২০ সেপ্টেম্বর ‘হাও টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ খ্যাত তারকা ভায়োলা ডেভিস ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে জেতেন এমি অ্যাওয়ার্ড। এমির ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী যিনি এই সম্মাননা পেয়েছেন। পুরস্কারের মঞ্চে তিনি বলেন, “সৌভাগ্যই একমাত্র জিনিস যা একজন কৃষ্ণাঙ্গ নারীকে অন্য কিছু থেকে আলাদা করে।"

৩. বিল কসবির দোষ স্বীকার

মার্কিন অভিনেতা ও কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে অর্ধ শতাধিক নারী যৌন নির্যাতনের অভিযোগ আনেন। জুলাই মাসে কয়েকটি গণমাধ্যম দাবী করে, বিল কসবি নারীদের মাদক দিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন। তবে এখনও কসবি সরাসরি এ বিষয়ে মুখ খোলেননি।

২. ব্রুস জেনার থেকে কেইটলিন জেনার

মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের সৎ বাবা এবং অলিম্পিকে পদকজয়ী মার্কিন অ্যাথলেট ব্রুস জেনার এ বছর শিরোনামে ছিলেন অনেকটা সময়। কিমের মা এবং তার স্ত্রী ক্রিস জেনারের সঙ্গে ২৪ বছরের সংসার শেষে বিচ্ছেদের পর লিঙ্গান্তরিত হয়ে নারী হবার ঘোষণা দেন তিনি। পুরুষ থেকে নারী হবার প্রক্রিয়ায় তার ৪০ লাখ ডলার খরচ জয়। এরপর নিজের পূর্ব পরিচয় বদলে কেইটলিন জেনার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদে কেইটলিন জেনার হিসেবে আত্মপ্রকাশের পর তিনি টুইটারে নতুন অ্যাকাউন্ট খোলেন কেইটলিন জেনার নামে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দশ লাখেরও বেশি অনুসারী পেয়ে রেকর্ড গড়েন ৬৫ বছর বয়সী এই তারকা। তার নতুন এই পরিচয়কে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিনোদন জগতের অনেক তারকা। তবে তার সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ। র্যাপার স্নুপ ডগ মন্তব্য করেন, কেইটলিন একটি ‘বৈজ্ঞানিক গবেষণা’ ছাড়া আর কিছু নন। 

১. মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুরস্কার বিভ্রাট

বছরের শেষে সবচেয়ে বড় চমকটি দেখা যায় মিস ইউনিভার্স আসরে। যখন মঞ্চে দাঁড়িয়ে একটি বড় ভুল করে বসেন কৌতুকাভিনেতা এবং উপস্থাপক স্টিভ হার্ভি। মিস কলম্বিয়ার মাথায় পড়ানো হয় বিজয়ীর মুকুট। ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরীর খেতাব পেয়ে তখন আনন্দে উদ্ভাসিত আরিয়াডনা গুটিয়ারেজ। এর কিছুক্ষণের মধ্যেই হার্ভি জানান, তিনি ভুল করেছেন। প্রথম রানার আপকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। পরবর্তীতে মিস ফিলিপাইন পিয়া আলোনজো উর্টজবাখকে মিস ইউনিভার্স ঘোষণা করা হয়।

পুরো ঘটনাটি নিয়ে অনলাইনে কৌতুক ও বিদ্রুপাত্মক মিমের ঢল নামে। আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশও করেছেন অনেকেই। অনুষ্ঠান শেষে উপস্থাপক হার্ভি একটি টুইটার বার্তায় ‘ভুলটি তারই ছিল’ দাবি করে সবার কাছে ক্ষমা চেয়েছেন। অবশ্য মিস কলম্বিয়াকে হতাশ হওয়ার সুযোগ দেয়া হয়নি। এ ঘটনার পরপরই তাকে পর্নগ্রাফিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দেয় ভিভিড এন্টারটেইনমেন্ট।