টেইলরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
শিল্পীদের যথাযথ সম্মানী দেয়া নিয়ে সব সময়ই সোচ্চার ছিলেন টেইলর সুইফট। কিন্তু এবার খোদ টেইলরের বিরুদ্ধেই সম্মানী নিয়ে প্রতারণার অভিযোগ তুললেন এক চিত্রশিল্পী।
অ্যালি বার্গিয়ার্স নামের ওই চিত্রশিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক খোলা চিঠির মাধ্যমে অভিযোগ করেন যে তার আঁকা একটি ছবি সুইফট তার ‘১৯৮৯’ অ্যালবামের প্রচারে অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। টেইলরের উদ্দেশ্যে ওই চিঠিতে তিনি বলেন, “আমি একজন পেশাদার শিল্পী। আমার করা জনপ্রিয় একটি নকশা আপনার ‘১৯৮৯’ অ্যালবামের প্রচারে ব্যবহৃত হতে দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। অ্যালবামের ছবিটি নকল এবং শিল্পী হিসেবে অন্য আরেক জনের নাম ব্যবহৃত হতে দেখে আমি ব্যথিত”
তিনি আরো বলেন, “ আমি ভেবেছিলাম যদি আপনি এই ভুলের কথা জানেন তাহলে হয়ত সংশোধনের জন্য সঠিক ব্যবস্থা নেবেন, কিন্তু আমি ভুল ভেবেছিলাম”। অ্যালি আরো অভিযোগ করেন যে অনেকদিন ধরে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টার পর টেইলর এবং তার দল তাকে এর শিল্পী হিসেবে স্বীকার না করে, তাকে ক্ষতিপূরন দিতে চায়। তবে শর্ত ছিল এই টাকার পুরোটাই অ্যালির দান করে দিতে হবে।
টেইলরের কাছে তিনি প্রশ্ন রাখেন, “একজন পেশাদার শিল্পী হিসেবে আপনি কি অ্যাপল কিংবা স্পটিফাই-এর এই ধরনের প্রস্তাব মেনে নেবেন?”
শিল্পীদের অধিকার নিয়ে টেইলর সুইফট বলেছিলেন যে, “শিল্প মূল্যবান এবং মূল্যবান জিনিসের দাম দেওয়া উচিত।" এর আগে অ্যাপল মিউজিকের তিন মাসের ট্রায়াল চলাকালীন শিল্পীদের সম্মানী না দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন টেইলর। তার প্রতিবাদের মুখে অ্যাপল শিল্পীদের সম্মানী দেয়ার সিদ্ধান্ত নেয়।
