২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিক, বিগ বি নিয়ে ‘ধুম রিলোডেড’

বলিউডের অ্যাকশন ফিল্ম সিরিজ ‘ধুম’- এর নতুন কিস্তির কাজ শুরু হল বেশ ঘটা করেই। শোনা যাচ্ছে, এবারের পর্বে খলনায়ক হিসেবে ফিরতে পারেন হৃত্বিক রোশান আর জুনিয়র বচ্চনকে সঙ্গ দিতে হাজির থাকবেন অমিতাভ বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

১৭ ডিসেম্বর টুইটারে ‘ধুম’ সিরিজের নতুন পর্ব নিয়ে একটি ভিডিও পোস্ট করে ইয়াশ রাজ ফিল্মস। ২ মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে ধুম সিরিজের তিনটি সিনেমার চুম্বক অংশগুলো তুলে ধরা হয়।

ওদিকে ‘ধুম ফোর’- এর কাজ শুরু হওয়ার অনেক আগে থেকেই সিনেমাটি ঘিরে নানা জল্পনা কল্পনা চলছিল। খলনায়ক হিসেবে প্রথমে শাহরুখ খান এবং পরে সালমান খানের অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছিল।

গোয়েন্দা কর্মকর্তা জয় দিকশিতের চরিত্রে অভিষেক বচ্চন থাকছেন বরাবরের মতোই। শোনা যাচ্ছে এবারের পর্বে তাকে সাহায্য করতে দেখা যাবে বিগ বিকে।

সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানায়, এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও এটা সত্যি যে অমিতাভ এবং হৃত্বিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতারা।

‘ধুম’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৪ সালে, এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, এশা দেওল, অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং রিমি সেন।

এই সিরিজের শেষ সিনেমা ‘ধুম থ্রি’তে অভিনয় করেন আমির খান এবং ক্যাটরিনা কাইফ, যা মুক্তি পায় ২০১৩ সালে। সে বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল সেটি।