২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মবিভূষণ হাতে পেলেন দিলিপ কুমার

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ পদক অবশেষে হাতে পেলেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা দিলিপ কুমার। গত এপ্রিলে শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি ভবনে যেয়ে এই পদক গ্রহণ করতে পারেননি তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:50 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

৯৩তম জন্মদিন উদযাপনের মাত্র দুদিন পরই গ্রহণ করলেন এই সম্মাননা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার বাসায় গিয়ে পদ্মবিভূষণ সম্মাননা স্মারক, সনদ এবং শাল তুলে দেন তার হাতে। এ সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিশ, গভর্নর সি ভি রাও এবং দিলিপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করা ইউসুফ খান ১৯৪৪ সালে চলচ্চিত্রে এসে দিলিপ কুমার নামে অভিনয় শুরু করেন। তাকে বলা হয় বলিউডের ট্র্যাজেডি কিং।

ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’র মতো কালজয়ী সিনেমা। ‘আন’, ‘দাগ’, ‘মধুমতী’, ‘পায়গাম’, ‘লিডার’ এবং ‘রাম অউর শাম'-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কিলা’ তার অভিনীত সবশেষ সিনেমা।