আবার ‘দেবদাস’: পাওলি হলেন 'দেবী'
বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিভিন্ন ভাষায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’-এর চলচ্চিত্রায়ন হয়েছে এ পর্যন্ত ১৬ বার। এবার আনকোড়া এক বাঙালি পরিচালক প্রথমবারের মতো দেবদাসকে পর্দায় নিয়ে আসছেন নারী হিসেবে। 'দেবী' নামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পাওলি দাম।
পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়কে পরিচালক ঋক বসু বলেন, “শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি ‘দেবদাস’ একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে দেখবো আমরা। অর্থ্যাৎ এখানে দেবদাস নেই। দেবী আছে। পাওলি দাম।"
“আমরা এমন একটা বাংলা সিনেমা তৈরির কথা ভেবেছি, যেটা নিউএজ। শুটিং, প্রোমোশন বা সম্পাদনার দিক থেকে বাংলা সিনেমায় এরকম ভিজ্যুয়াল ট্রিটমেন্টও আগে দেখা যায়নি।”
পরিচালক আরো জানান, সিনেমায় পার্বতী ও চন্দ্রমুখীর চরিত্র দুটিকে পাওলির দুই প্রেমিক হিসেবে আনা হয়েছে। পার্বতীর চরিত্রে শুভ মুখোপাধ্যায় ও চন্দ্রমুখীর চরিত্রে শতফ ফিগারকে দেখা যাবে। আর চুনীবাবুর চরিত্রটি রূপদান করবেন জার্মান-রুশ অভিনেত্রী ইলিনা কাজান।
পর্দায় মাদকে আসক্ত হিসেবে দেখানো হবে পাওলিকে। এ বিষয়ে বললেন, “এটার জন্য পড়াশোনা দরকার। আসলে সবটা তো এখনই ভেঙে বলা সম্ভব নয়৷ এই ছবির চিত্রনাট্যের দাবি মেটাতে এমন অনেক কিছুই আমায় করতে হবে যা আগে কখনো করিনি।”
‘দেবদাস’-এর কাহিনিকে সমসাময়িক প্রেক্ষাপটে স্থাপন করে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন অনুরাগ কশ্যপ। ২০০৯ সালে মুক্তি পায় তার ‘দেব ডি’, যেখানে অভয় দেওল, মাহি গিল এবং কাল্কি কোয়েচলিন অভিনয় করেন।
১৯১৭ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে প্রথম সিনেমা নির্মিত হয় নির্বাক যুগে। ফনী শর্মা, তারক বালা, নীহার বালা অভিনীত সিনেমাটির পরিচালক নরেশ মিত্র।
২০১৬ সালে শুরু হবে 'দেবী' সিনেমার শুটিং।
