২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজিতের বিনোদিনী - রানি, কঙ্কণা, ঋতুপর্ণা, পাওলি 

নটী বিনোদিনীকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সিনেমায় নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন চার অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 12:54 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

প্রথমিকভাবে নির্মাতার তালিকায় আছেন রানি মুখার্জি, কঙ্কণা সেন শর্মা, ঋতুপর্ণা সেনগুপ্ত ও পাওলি দাম। সিনেমা নাম ‘সুতানটী’।

কাহিনিতে থাকবে নটী বিনোদিনীর সময়কালের সঙ্গে বর্তমান সময়ের মিশেল। সৃজিত জানালেন, পরিকল্পনাটা অনেক আগের।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দ বাজারকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি ‘অটোগ্রাফ’ লেখার আগেই একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। নাম ছিল ‘Naughtyবিনোদিনী’। এটা ছিল এমন একটা গল্প যেখানে আজকের সময়ের পথ নাটক করা এক নারীর সঙ্গে মিল পাওয়া যায় নটী বিনোদিনীর জীবনের। এই ফর্মটা আমি ‘জাতিস্মর’ সিনেমায় ব্যবহার করেছি। তবে তখন ছবিটি বানাতে চাইনি কারণ ‘আবহমান’ যে ‘ফিল্ম উইদিন আ ফিল্ম’-এ ঋতুপর্ণ ঘোষ কিন্তু ‘নটী বিনোদিনী’ই বানিয়েছিলেন। একই বিষয় হয়ে যাচ্ছে বলে আর এগোইনি।”

তিনি আরও বলেন, “নটী বিনোদিনীর জীবনটা আমার কাছে ফ্যাসিনেটিং। এক দিকে গিরিশ ঘোষ, অন্য দিকে শ্রীরামকৃষ্ণ— পরতে পরতে ড্রামা। তবে আমার সব ছবির মতো এই ছবিতেও সমসাময়িক একটা দিক থাকবে। শুধু পিরিয়ড ছবি আমি বানাতে চাই না।”

পরিকল্পনার কথা জানালেও জুন মাসে ‘কাকাবাবু’, অক্টোবরে অন্য আরও একটি সিনেমার কাজ শুরু করতে হবে সৃজিতকে। এরপর আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে ‘সুতানটী’, শুটিং হবে কলকাতায়। তবুও প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে শুরু হয়েছে ইতিমধ্যেই।

আঠারো শতকের শেষদিকে কলকাতাভিত্তিক মঞ্চনাট্যচর্চায় আর্বিভূত হন নটী বিনোদিনী। অভিনয় ও গ্ল্যামারের জন্য আলোচনায় ছিলেন দীর্ঘদিন। এমনকি এখনও পর্যন্ত তাকে নিয়ে চর্চা হয়। তাকে নিয়ে সিনেমা, নাটক, তথ্যচিত্র নির্মিত হয়েছে । লেখা হয়েছে বই ও প্রবন্ধ।