হেডি লামার: দিনে স্বপ্নসুন্দরী, রাতে বিজ্ঞানী
'যে কোনো মেয়েই আবেদনময়ী হতে পারে, কেবল চুপ করে দাড়াও আর বোকা বোকা ভাব করো' - এমনটাই বলেছিলেন হেডি ল্যামার, যাকে আখ্যায়িত করা হয়েছিল বিশ্বের সবচেয়ে রূপসী নারী হিসেবে। ১০১তম জন্মদিনে কেবল সেলুলয়েডে গ্ল্যামারের দ্যুতি ছড়ানোর কারণেই তাকে স্মরণ করেনি গুগল। ৯ নভেম্বর, ২০১৫ কেবল হেডিরই দিন হয়ে উঠলো কারণ, ওয়াই-ফাই প্রযুক্তি তার গবেষণার হাত ধরেই আজকের অবস্থানে এসে দাড়িয়েছে।
ভিয়েনায় ১৯১৪ সালে জন্ম নেয়া হেডউইগ ইভা মারিয়া কেইসলার তার অভিনয় জীবন শুরু করেন কৈশোরে। ১৮ বছর বয়সে পা রাখেন চেক সিনেমায়, অভিনয় করেন ১৯৩০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘এক্সট্যাসি’তে। সে সিনেমায় সমুদ্র সৈকতে নগ্ন হয়ে একটি ঘোড়ার পেছনে তার দৌড়ানোর দৃশ্যটি হয়তো এই অভিনেত্রীর অনুরাগীদের চোখে লেগে আছে আজও। হেডিই ছিলেন প্রথম অভিনেত্রী, যিনি পর্দায় অর্গাজম বা যৌন উত্তেজনার চূড়ান্ত পর্যায় অভিনয় করে দেখান।
অস্ট্রিয়ার অন্যতম এক ধনী অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয় মাত্র ১৯ বছর বয়সে। নাৎসি বাহিনির সদস্য স্বামীর ঘরে রীতিমতো বন্দীদশাতেই ছিলেন তিনি। তবে সে সময় প্রথম অস্ত্র এবং প্রযুক্তির দেখা পান হেডি। বিভিন্ন পার্টিতে তিনি তার স্বামী এবং বন্ধুদের আলোচনায় অস্ত্র নির্মাণের কারিগরি কৌশল ও নান্দনিকতার কথা মনোযোগ দিয়ে শুনতেন।
অবশেষে পালিয়ে চলে এলেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে। মেট্রো গোল্ডউইন মেয়ারের সঙ্গে সাত বছরের চুক্তি সই করলেন। চুক্তি অনুযায়ী সপ্তাহে ৩ হাজার ডলার আয় করবেন তিনি। অভিনয় করলেন ‘টরটিলা ফ্ল্যাট’, ‘লেডি অফ দ্য ট্রপিকস’, ‘বুম টাউন’ এবং ‘স্যামসন অ্যান্ড ডেলাইলাহ’র মতো সিনেমাগুলোতে।
এরপর তাকে পেয়ে বসলো উদ্ভাবনের নেশা। ঘরেই নিয়ে এলেন আস্ত একটি ড্রাফটিং টেবিল। রিচার্ড রোডসের লেখা ‘হেডি’স ফলি: দ্য লাইফ অ্যান্ড ব্রেকথ্রু ইনভেনশন্স অফ হেডি ল্যামার, দ্য মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ বইটিতে বলা হচ্ছে, “তিনি সব সময়ই পৃথিবীটা পর্যবেক্ষণ করছিলেন আর ভাবছিলেন, আচ্ছা, কিভাবে এটা ঠিক করা যায়? কিভাবে এটাকে আরও একটু উন্নত করা যায়?”
অনেকের মতোই হেডির জীবনে বড় একটি প্রভাব রেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংস হত্যা আর ধ্বংসযজ্ঞ। কিছু একটা করার তাগিদ অনুভব করছিলেন তিনি। সে সময়ই তার চোখ পড়লো বাড়ির বেতারের রিমোট কন্ট্রোলের দিকে।
ভাবলেন, বেতার নির্দেশিত টর্পিডো শত্রু নিধনে বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু বেতার তরঙ্গ প্রভাবিত বা বিকল করে দেয়া সম্ভব। তখন তিনি পরিকল্পনা করলেন এমন বেতার তরঙ্গ তৈরির যা এক কম্পাঙ্ক থেকে অন্য কম্পাঙ্কে বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হবে, যার ফলে সেটি বিকল করা যাবে না।
আঁভা গার্দ বিপ্লবের অন্যতম পুরোধা জর্জ অ্যানথেইয়ের সঙ্গে নিজের পরিকল্পনাগুলো ভাগাভাগি করলেন হেডি। এবার দুজন মিলেই কাজ শুরু করলেন আর জন্ম নিল স্প্রেড স্পেকট্রাম কমিউনিকেশন্স, যাকে আজ আমরা চিনি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা হিসেবে।
নিজেদের এ উদ্ভাবনের স্বত্ত্বাধিকার পেতে বেগ পেতে হয়নি হেডি এবং অ্যান্থেইকে। ১৯৪২ সালে তারা গোপন যোগাযোগ ব্যবস্থা আবিষ্কারক হিসেবে আবির্ভূত হন। মার্কিন নৌ বাহিনীকে এই সুবিধা প্রদান করেন কোনো অর্থ ছাড়াই। ১৯৫০ সালে নৌ বাহিনী যোগাযোগ ব্যবস্থার এই মাধ্যমকে পুনুরুজ্জীবিত করে।
তারবিহীন যোগাযোগ ব্যবস্থার আবিষ্কারক হেডি ল্যামার যুক্তরাষ্ট্রের জাতীয় আবিষ্কারক পরিষদের আজীবন সম্মাননা অর্জন করেন তার শততম জন্মবার্ষিকীতে, ২০১৪ সালে।
গুগলের নির্মিত হেডির বিশেষ ডুডলের আঁকিয়ে জেনিফার হম জানান হেডির কর্মব্যস্ত জীবনকে শ্রদ্ধা জানানোর জন্যই এটা তার এক প্রচেষ্টা। “এটা আশ্চর্যজনক কিছু নয়, গুগলে হেডির অবস্থান রূপকথার এক দেবীর মতই। এবং আমাকে তার গল্পটি এই ডুডলের মাধ্যমে বলার সুযোগ করে দেয়ায় আমি সত্যিই আনন্দিত।”
গুণী এই অভিনেত্রী এবং বিজ্ঞানী হেডি ল্যামার ২০০০ সালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
