২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টার ওয়ার্স’ মুক্তির আগেই দেখলেন এক ভক্ত

মুক্তির এক মাস আগেই 'স্টার ওয়ারস' সিরিজের সপ্তম সিনেমা ‘দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’ দেখার সুযোগ পেলেন এক ভক্ত। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 04:01 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

ড্যানিয়েল ফ্লিটউড নামের 'স্টার ওয়াসর্' সিরিজের এই ভক্ত স্পিন্ডল সেল সারকোমা নামের প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত। জুলাই মাসে রোগ সনাক্ত হওয়ার তার জীবনের আর মাত্র দু মাস বাকি বলে জানান চিকিৎসকরা। ড্যানিয়েল চেয়েছিলেন মৃত্যুর আগে 'স্টার ওয়ার্স' সিরিজের নতুন সিনেমাটি দেখে যেতে। তার এই ইচ্ছা পূরণ করতেই টুইটারে শুরু হয় প্রচার। 

টুইটারে ড্যানিয়েলের স্ত্রী অ্যাশলি মূলত এই প্রচারাভিযান শুরু করেন। গত মাসে তা নজরে আসে ‘স্টার ওয়ার্স’ সিরিজের তারকাদের। হলিউড রিপোর্টার বলছে, লুক স্কাইওয়াকার চরিত্রের অভিনেতা মার্ক হ্যামিল এবং জন বোয়েগা দুজনেই রিটুইট করে ডিজনি, লুকাসফিল্ম এবং সিনেমার পরিচালক জে জে অ্যাব্রামসকে অনুরোধ করেন সিনেমার আগাম প্রদর্শনীর আয়োজন করতে।

অ্যাশলি সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাব্রামস, ডিজনি এবং লুকাসফিল্মকে ধন্যবাদ জানান।

এ ধরনের আগাম প্রদর্শনীর আয়োজন এবারই প্রথম নয়।  ২০১৩ সালে ক্যান্সারাক্রান্ত ড্যানিয়েল ক্রাফটের জন্য 'স্টার টেক ইনটু ডার্কনেস' সিনেমার আগাম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো এবং সে সিনেমাটিরও পরিচালক ছিলেন জে জে অ্যাব্রামসই।

'স্টার ওয়ারস: দ্যা ফোর্স অ্যাওয়েইকেন্স' মুক্তি পাবে ডিসেম্বরের ১৪ তারিখ। এবারের গল্পটি শুরু হবে ‘স্টার ওয়ার্স এপিসোড সিক্স: রিটার্ন অফ দ্য জেডাই' এর ঘটনাবলীর ৩০ বছর পরের প্রেক্ষাপটে।