পীযুষ গঙ্গোপাধ্যায়: এক নিষ্ঠাবান অভিনয়শিল্পী
বেড়ে উঠেছেন কলকাতায়। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বনেদি এলাকা বেহালায় বিয়ে, সংসার, সন্তান। তিনি ভারতীয় বাংলা ধারাবাহিকগুলোর প্রচারের শুরু থেকেই নিত্য দেখা মুখ। তিনি পীযুষ গঙ্গোপাধ্যায়।
সাম্প্রতিক এক দূর্ঘটনা তাকে নিয়ে গেলো জীবনের ওপারে। আরেক দূর্ঘটনা পীযুষকে নিয়ে এসেছিল অভিনয়ের জগতে। পরের ২০ বছর শুধু অভিনয়ই করলেন, খেলার মাঠ থেকে বিদায় নিয়ে।
ছাত্রজীবনে ফুটবল খেলতেন তিনি, ছিলেন গোলকিপার। খেলাধূলার প্রতি অনুরাগ অটুট ছিল। স্থানীয় নেতাজী স্পোর্টিং ক্লাবের সঙ্গে যোগাযোগ ছিল। পঞ্চমীর দিন পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারও গ্রহণ করেছেন। কে জানতো এর দুদিন পরেই রচিত হবে তার মৃত্যুর ‘অঙ্ক’।
নব্বইয়ের দশকের শুরুতে বাঙালি দর্শক সবে দীর্ঘ ধারাবাহিক তথা সোপ অপেরা সম্পর্কে ধারণা পেতে শুরু করেছে। সেই সময় একে একে প্রচার হতে শুরু করে ‘আবার যখের ধন’, ‘স্টপার’, ‘জন্মভূমি’ ধারাবাহিকগুলো। ‘জন্মভূমি’ রেকর্ড হাজার পর্বের বেশী প্রচারিত হয়েছে।
সিরিয়ালগুলোর প্রত্যেকটিতেই অভিনয় করেছেন পীযুষ। সহ-অভিনেতার ভূমিকায় আস্থাভাজনদের অন্যতম একজন হয়ে ওঠেন তিনি সময়ের সাথে।
চমৎকার অভিব্যক্তি এবং জড়তাহীন সংলাপ উচ্চারণ, চরিত্রকে আয়ত্ব করার দক্ষতা, পর্দা ইমেজ ধরে রাখায় অতুলনীয়ছিলেন তিনি। একজন অভিনেতা হিসেবে পরিচালক, নির্দেশকের আস্থা অর্জন করার যোগ্যতা পীযুষের ছিল।
পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা, নির্দেশক ও লেখক মনোজ মিত্রর ভাষায়, “একটা বিরাট মাপের অভিনেতা। অসাধারণ প্রতিভাবান এবং নিষ্ঠাবান ছিলেন। মানুষ হিসাবেও ছিল অসাধারণ। পীযূষকে আমরা থিয়েটার, সিনেমাতে দেখেছি। কোথাও তার নিষ্ঠার হেরফের ঘটেনি।”
যোগ্যতার বলেই ‘মেঘের পালক’, ‘বয়েই গেল’, ‘সোনার হরিণ’- সিরিয়ালগুলোর মাধ্যমে দর্শক মনে স্থায়ী আসন গড়ে নেন পীযুষ। তার অভিনীত সিরিয়াল ‘জলনূপুর’, ‘চোখের তারা তুই’ ও ‘তুমি রবে নীরবে’ এখনও প্রচারিত হচ্ছে ভারতীয় বাংলা চ্যানেলগুলোতে।
টিভিতে সাফল্য ধরে রাখার পাশাপাশি বড় পর্দায় মুখ দেখাতে শুরু করেছিলেন পীযুশ। সবশেষে অভিনয় করেন সন্দীপ রায় পরিচালিত ‘চার’ সিনেমায়। অপর্না সেনের ‘গয়নার বাক্স’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ল্যাপটপ’, অঞ্জন দত্তের ‘ব্যোমকেশ বক্সী’ সিরিজ, অরিন্দম শীলের ‘আবর্ত’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমাগুলো উল্লেখযোগ্য।
খেলার পাট চুকে গেলে অভিনয়কেই ধ্যান-জ্ঞ্যান হিসেবে গ্রহণ করেন পীযুষ। এমনকি ব্যাংকের চাকরী পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন।
অভিনয়ের শুরুটা মঞ্চেই হয়েছিল পীযুষের। তার সতীর্থরা এখনও মঞ্চে দাপট দেখান। কিন্তু টিভি, সিনেমার ব্যস্ততায় পীযুষ তাদের থেকে দূরেই ছিলেন মাঝের বেশ কিছুটা সময়।
এক সময় পীযুশের দাপট দেখেছে মঞ্চ। ‘মারীচ সংবাদ’, ‘মাধব মালঞ্চী কইন্যা’, ‘জোছনাকুমারী’, ‘বাবলি’র মতো সাড়া জাগানো নাটকের অভিনেতা তিনি। এরপর ছয় বছর টানা বিরতি শেষে শুরু করেন দেবেশ চট্টোপাধ্যায়ের ‘ব্রেন’ ও ব্রাত্য বসুর ‘সিনেমার মতো’ নাটক দুটি।
ব্রাত্য বসু রচিত ও নির্দেশিত ‘ভাইরাস এম’, ‘১৭ই জুলাই’, ‘বাবলি’ এবং ‘মৃত্যু, ঈশ্বর, যৌনতা’ নাটকে অভিনয় করেছেন তিনি।
এখন প্রর্দশিত বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের ‘গ্যালিলিও গ্যালিলেই’, ছন্দা দত্ত পরিচালিত ‘তিন পেনি অপেরা’, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ‘সুরান্তর’ নাটকে অভিনয় করছিলেন পীযূষ৷
শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটকটি বাংলা সিনেমার পর্দায় আনতে চলেছিলেন অঞ্জন দত্ত, কথা ছিল সেখানে অভিনয় করবেন।
অভিনয়ের পাশাপাশি গান গাওয়ার শখ ছিল তার খুব। বিশেষ করে মান্না দের গান বলতে পাগল ছিলেন তিনি। গানের জন্য পুরস্কারও পেয়েছেন।
পীযুষ অভিনয় জীবনের শুরুর দিকে ১৯৯১ সালেই পেয়েছিলেন অভিনেতা প্রমথেশ বড়ুয়া পুরস্কার। এরপর একে একেপেয়েছেন শ্যামল সেন স্মৃতি সম্মান, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার, সংবাদ প্রতিদিন কমপ্লান টেলি সম্মান, স্টার জলসা পরিবার পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার, শৈলজানন্দ স্মারক চলচ্চিত্র সম্মান।
পীযুষ বিয়ে করেন পামেলাকে, তাদের একমাত্র সন্তান রমিত গঙ্গোপাধ্যায়।
২০ অক্টোবর সপ্তমীর দিন কোনা এক্সপ্রেসওয়ে ধরে হাওড়ার দিক থেকে কলকাতা ফেরার পথে সাঁতরাগাছিতে দূর্ঘটনার মুখে পড়েন পীযুষ। উল্টোদিক থেকে আসা লরিটি তার প্রাইভেট কারকে গুড়িয়ে দেয়। প্রাইভেটকারটি নিজেই চালাচ্ছিলেন, সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। মালবিকার অবস্থা তাড়াতাড়ি স্থিতিশীল হলেও ক্রমাবনতি ঘটে পীযুষের।
দুর্ঘটনায় মারাত্মক জখম হন পীযূষ। তার পাজরের হাড়, হাত ও মুখমণ্ডলে প্রচন্ড আঘাত লাগে। হাওড়া জেলা হাসপাতাল থেকে কলকাতার বেল ভিউ হাসপাতালে স্থানান্তরের পর পাজরে রড ঢোকানো হয়। অস্ত্রোপচারের পরদিনই তাকেভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। এর চব্বিশ ঘণ্টা পার হতেই তার মৃত্যুর সংবাদ এলো।
মাত্র ৫০ বছরের জীবনে দর্শক, শ্রোতাদের দিয়েছেন অনেক, সেই পাওয়ার জোরেই দর্শক তাকে মনে রাখবেন অনেক দিন।
