দেব, জিৎ, প্রসেনজিতের পূজা
বিনোদন আকাশের তারা হয়ে উঠলে ভক্তদের অফুরান ভালোবাসা আর জনপ্রিয়তা যেমন পাওয়া যায়, তেমনি অনেকটাই পাল্টে যায় জীবন। পূজা তাই আগের মতো রঙিন নয় টালিগঞ্জের তিন মহারথী দেব, জিৎ আর প্রসেনজ-এর কাছে।
পশ্চিমবঙ্গের দৈনিক আজকালকে পূজার পরিকল্পনা জানিয়েছেন তিন তারকা।
হিন্দি সিনেমার শুটিং থাকায় পূজার সময়টা কালকাতার বাইরে থাকতে হচ্ছে প্রসেনজিৎকে। জানালেন, “এই পূজায় আর কলকাতায় থাকছি না। ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে আমার নতুন হিন্দি সিনেমার শুটিং। অঙ্কুশ ভাটের প্রযোজনায় এই সিনেমার নাম ‘থ্রি দেব’। আমার সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন কে কে মেনন। আছে রাইমাও। কাজেই কলকাতায় যখন পূজার ঢাক বাজবে, আরতি হবে, ধুনুচি নাচ হবে, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামবে, তখন আমি কলকাতা থেকে বহুদূরে মাউন্ট আবুতে। সেখানেই চলছে এই সিনেমার শুটিং। টানা শুটিং শেষ করে কলকাতায় ফিরবো ২ নভেম্বর। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে শিবু আর নন্দিতার পরিচালনায় ‘প্রাক্তন’ সিনেমার শুটিং। আর ডিসেম্বরে সৃজিতের নতুন সিনেমার শুটিং। কাজেই টানা শিডিউল।
জিৎ বললেন তারকা হওয়ার পর পূজার রং অনেকটাই ফিকে হয়ে এসেছে, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না আর এবারও ভুলবেন না।
"পুজার কয়েকদিন আগেই রকে বসে বন্ধু- বান্ধবদের সঙ্গে পূজার প্ল্যান নিয়ে তর্ক-বিতর্ক। তারপর পঞ্চমীর দিন থেকেই সবাই মিলে হল্লা করতে করতে পূজা দেখে বেড়ানো। আমাদের তালিকা থেকে বাদ যেতো না কোনো পূজাই। সে উত্তরের পূজাই হোক বা দক্ষিণের। আর তার সঙ্গে চলতো চাঁদা তুলে খাওয়াদাওয়া। তখন তো রেস্টুরেন্টের প্রশ্নই উঠতো না। খাওয়াদাওয়া বলতে ফুচকা, ঘুগনি, মোগলাই পরোটা বা এগরোল। এখন জীবনটা পাল্টে গেছে। তাই পূজায় ইচ্ছে থাকলেও বন্ধুদের সঙ্গে বেরোতে পারি না। এমনিতেই সারা বছরটাই কাটে শুটিং আর ব্যবসার ব্যস্ততায়। তাই পূজার এই কয়েকটা দিন তুলে রাখি পরিবারের জন্য। এবারেও তার ব্যতিক্রম হবে না। সপরিবারে চলে যাব কলকাতার বাইরে। কিন্তু কোথায় যাবো তা বলছি না।
মহাতারকা দেব মানেই হল্লা আর ভক্তদের ভিড়। কাজেই পূজা দেখতে যাওয়ার প্রশ্নই ওঠে না। ঘুমিয়েই পূজা পার করার সিদ্ধান্ত নিয়েছেন দেব।
"বছর কয়েক আগে মা এসেছিলেন কলকাতার পূজা দেখতে। মাকে নিয়ে বেরিয়েছিলাম। তারপর যে অভিজ্ঞতা হয়েছিল সেই ভয়াবহ স্মৃতি সারা জীবন আমার মনে থাকবে। গিয়েছিলাম দক্ষিণ কলকাতার এক নামকরা পূজা প্যান্ডেলে। কী করে যেন প্রচার হয়ে গিয়েছিল দেব এসেছে। তারপর যা হয়। মনে হলো দর্শকের চাপে যেন গাড়ির কাচগুলোই ভেঙে পড়বে। মা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন। মুশকিলে পড়েছিলেন পূজার উদ্যোক্তা আর প্রশাসন। সেই থেকে প্রতিজ্ঞা করেছি, আর পূজায় ঠাকুর দেখা নয়। তাই পূজার কয়েকদিন নিজেকে বাড়িতেই বন্দী রাখি। সময় কাটাতে সিনেমা দেখি, খাই দাই আর ঘুমোই। ভোরবেলা জিম বন্ধ। সারা বছরের না ঘুমোনো দিনগুলো এই চার দিনেই পুষিয়ে নিতে চাই। জানি পূজার পর কিছুটা ওয়েট গেইন করব। কুছ পরোয়া নেহি। পূজার কয়েকদিন বিন্দাস থাকতে ভুলবো না।"
