২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট সিনেমা 'প্যায়ার কা পাঞ্চনামা'র বড় জয়

২০১৫ সালের দ্বিতীয়ার্ধে এসে বলিউডের বক্স-অফিসে চমক সৃষ্টি করছে এমন কিছু সিনেমা, যেগুলো আলোচনায় ছিল না কখনো। তেমনই একটি সিনেমা 'প্যায়ার কা পাঞ্চনামা টু'। অল্প বাজেটে এবং স্বল্প পরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত সিনেমাটি প্রথম দিনের আয়ে পেছনে ফেলেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের ফেরার সিনেমা 'জাযবা'কে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 10:57 AM

Updated : 25 Apr 2022, 02:00 PM

হাস্যরসাত্মক সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়ে এক দিনেই আয় করে নিয়েছে ৬ কোটি ৮০ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখেন, "প্যায়ার কা পাঞ্চনামা টুর দুর্দান্ত শুরু। শুক্রবার ৬.৮০ কোটি (১৪০০ পর্দায়)। ভারতের বাণিজ্য।"

২০১১ সালে মুক্তি পাওয়া 'প্যায়ার কা পাঞ্চনামা'র এই সিকুয়ালটি মাত্র ১৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও 'জাযবা' এবং 'কাট্টি বাট্টি'র চেয়ে প্রথম দিনের আয়ে এগিয়ে আছে। মুক্তির দিন 'জাযবা' আয় করে ৪ কোটি ২৩ লাখ রুপি, অন্যদিকে কাঙ্গানা রানাওয়াত ও ইমরান খান অভিনীত 'কাট্টি বাট্টি'র প্রথম দিনের আয় ছিল ৫ কোটি ২৮ লাখ রুপি।  

লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে মাত্র ৯ কোটি রুপি বাজেটে। সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ভারুচা, সোনালি সেহগাল, ইশিতা শর্মা, কার্তিক আরিয়ান, সানি সিং এবং ওমকার কাপুর।