২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ঘাড়ে দোষ চাপালেন কাঙ্গানা

২০১৪ সালটা কেটেছে দুর্দান্ত। ২০১৫র শুরুটাও হয়েছে জমজমাট। কিন্তু তীরে এসে ডুবলো তরী। কাঙ্গানা রানাওয়াতের সাম্প্রতিক সিনেমা 'কাট্টি বাট্টি' নাম লিখিয়েছে ফ্লপের খাতায়। আর এর দোষটা তিনি চাপিয়েছেন সালমান খানের ঘাড়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 04:06 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

ভারতীয় দৈনিক দ্য এশিয়ান এইজ বলছে, 'কাট্টি বাট্টি'র পরিচালক নিখিল আদভানির প্রস্তাবে প্রথমে রাজি হননি কাঙ্গানা। পরে সালমানের পরামর্শে সিনেমাটিতে অভিনয়ের সম্মতি দেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, সিনেমাটির বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ায় এখন সালমানকেই দুষছেন কাঙ্গানা। এদিকে এক সূত্র বলছে, সালমান সিনেমাটিতে কাঙ্গানাকে অভিনয় করতে বলেননি।

"সালমান শুধু পরামর্শ দিয়েছিলেন অন্তত কাঙ্গানা যেন চিত্রনাট্যটি পড়ে শোনানোর জন্য নিখিলকে সময় দেন। সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত একমাত্র কাঙ্গানারই ছিল। সিনেমাটির দুর্দশার জন্য যদি সালমানকেই দোষারোপ করতে হয়, তবে 'রাজ্জো' এবং 'রিভলভার রানি' ফ্লপ হবার জন্য দিকে আঙুল তুলবেন তিনি?"

এদিকে কাঙ্গানা বলেন, "আমি আসলেই আনন্দিত ছিলাম, কারণ 'কুইন'- এ অভিনয়ের পর নারীকেন্দ্রিক সিনেমাতে অভিনয়ের জন্য আমার কাছে অসংখ্য প্রস্তাব এসেছে এবং আমি সেগুলোকেই প্রাধান্য দিয়েছি। 'কাট্টি বাট্টি'কে ততটা গুরুত্ব দিতে চাইনি, কিন্তু সালমানের চিত্রনাট্য পড়ে দেখবার পরামর্শেই আমি সিনেমাটি করতে রাজি হই।"

'কাট্টি বাট্টি'র ব্যর্থতার পর এখন ভিশাল ভারাদওয়াজের সিনেমা 'রেঙ্গুন'-এ অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন কাঙ্গানা।