২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে 'মেইজ রানার টু'র উত্তাপ

প্রথম সপ্তাহান্তের আয়ে জনি ডেপের ‘ব্ল্যাক ম্যাস’কে ছাড়িয়ে গেছে সাই-ফাই সিনেমা ‘মেইজ রানার টু: দ্য স্কচর্ ট্রায়াল’। ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি রবিবার পর্যন্ত আয় করেছে ৩ কোটি ১০ লাখ ডলার।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:46 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

অপরদিকে আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের মধ্যে অবস্থান করছে জনি ডেপের গ্যাংস্টার ড্রামা ‘ব্ল্যাক ম্যাস’-এর সংগ্রহ।

প্রথম দিন থেকেই ভালো সাড়া পেয়েছে ‘মেইজ রানার টু’। যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৭৯১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়ে শুক্রবার সিনেমাটি তুলে নেয় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

আর ‘ব্ল্যাক ম্যাস’ মুক্তি পেয়েছে ৩ হাজার ১৮৮টি হলে, প্রথম দিনে যার আয় ছিল ৮৮ লাখ ডলার।

একই দিনে মুক্তি পেয়েছে ‘এভারেস্ট’। যুক্তরাষ্ট্রের স্বল্প সংখ্যক ওয়াইড স্ক্রিন সিনেমাহলে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। মাত্র ৫৪৫টি হলে মুক্তি পেয়েই ‘এভারেস্ট’-এর শুক্রবারের সংগ্রহ ছিল ২৩ লাখ ডলার।

তবে যুক্তরাষ্ট্রের বাইরে আরও ৩৬ টি দেশে মুক্তি পেয়েছে ‘এভারেস্ট’, যেখান থেকে সিনেমাটি তিন দিনে সংগ্রহ করেছে মোট ২ কোটি ৬৫ লাখ ডলার।

সাই-ফাই ঘরানার ‘মেইজ রানার টু’র শুরুটা ভালো হলেও তা ভাঙতে পারেনি এই সিরিজের প্রথম কিস্তির রেকর্ড। ২০১৪ সালের এই সময়ে মুক্তি পেয়ে তিন দিনে ৩ কোটি ২৫ লাখ ডলার আয় করেছিল ‘মেইজ রানার’।