২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিতে ইতিহাস গড়লেন যে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী

ছয় দশকেরও বেশি সময় ধরে চলে আসা এমি আসরে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারী অর্জন করলেন সেরা অভিনেত্রীর সম্মাননা। ৬৭তম এমি অ্যাওয়ার্ডসের রাতে ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর এমি হাতে নিয়ে ভায়োলা ডেভিস বললেন, কেবল সুযোগের অভাবেই শ্বেতাঙ্গদের পাশে এসে দাঁড়াতে পারছেন না কৃষ্ণাঙ্গ অভিনেত্রীরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 02:15 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরস্কার নেয়ার সময় দুবার অস্কার মনোনয়ন পাওয়া এই শিল্পী মানবাধিকার কর্মী হ্যারিয়েট টাবম্যানকে উদ্ধৃত করে বলেন, “আমার কল্পনায় আমি দেখতে পাই একটি রেখা; যার অন্য পাশে রয়েছে সবুজ মাঠ, সুন্দর ফুল এবং তার চেয়েও সুন্দর শ্বেতাঙ্গ নারীরা। তারা আমার দিকে হাত বাড়িয়ে আছে কিন্তু কোনো ভাবেই আমি তাদের কাছে পৌঁছাতে পারছি না।”

ভায়োলা ডেভিস আরও বলেন, “আপনাদের একটা কথা বলি। কৃষ্ণাঙ্গ নারীদের অন্যদের পাশে দাঁড়ানোর ব্যাপারে একটি মাত্র বিষয়ই বাধা হিসেবে কাজ করে; সেটা হলো সুযোগের অভাব। ভাল কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ যদি নাই থাকে, তাহলে আপনি কখনোই এমি জিততে পারবেন না।”

‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ টিভি সিরিজে দুঁদে এক আইনের অধ্যাপক অ্যানালিজ কিটিং-এর ভূমিকায় অভিনয় করে ড্রামা সিরিজের সেরা অভিনেত্রীর খেতাব জেতেন তিনি। আর সেজন্য ধন্যবাদ দেন সিরিজটির নির্মাতা শন্ডা রাইমসকে।

“আর তাই, কৃতজ্ঞতা জানাই সেসব রচয়িতাকে, সেই অসাধারণ মানুষ শন্ডা রাইমসকে। সেসব মানুষ যারা, সৌন্দর্য্য কি, আবেদনময়তা কি, শীর্ষে থাকা একজন নারী হতে পারাটা কোমন এবং একজন কৃষ্ণাঙ্গ হওয়াটা কেমন - এসব বিষয় নতুন করে ভাবতে শিখিয়েছেন।”

ভায়োলা তার বক্তব্যে টারাজি পি হেনসন, কেরি ওয়াশিংটন এবং হ্যালি বেরির অভিনেত্রীদেরও ধন্যবাদ জানান, কৃষ্ণাঙ্গ নারীদেরকে ‘সীমানার ওপারে নিয়ে যাওয়ার জন্য’।

লস এঞ্জেলসের হলভর্তি মানুষ করতালির মাধ্যমে স্বাগত জানান ডেভিসের বক্তব্যকে। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক অ্যান্ডি স্যামবার্গও এ পর্যায়ে বলে ওঠেন, ‘বর্ণবাদের দিন শেষ'।”

অবশেষে ‘গেইম অফ থ্রোন্স’, জন হ্যামের এমি জয়