২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জাঙ্গল বুক'- এর একলা ছেলেটি

চলতি বছর ‘সিন্ডারেলা’ সিনেমা দিয়ে লাইভ অ্যাকশন সিনেমার নতুন ধারা চালুর পর ২০১৬ সালে ডিজনি মুক্তি দিচ্ছে আরেক লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য জাঙ্গল বুক’। সিনেমাটির প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। প্রায় দুই মিনিটের ট্রেইলারে গহীন অরণ্যে হারিয়ে যাওয়া ছোট্ট শিশু মোগলি আর বনের পশুদের গল্পের ঝলক উঠে এসেছে প্রাণবন্ত ভাবেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

রুডইয়ার্ড কিপলিং-এর শিশুতোষ বই 'দ্য জাঙ্গল বুক' থেকে এর আগে অ্যানিমেটেড সিনেমা এবং সিরিজ তৈরি করেছে ডিজনি। এবার সেই গল্পকেই লাইভ অ্যাকশন সিনেমায় রূপ দিচ্ছে ডিজনি। বেন কিংসলে, বিল মারে, স্কারলেট জোহানসন, ইদ্রিস এলবা, লুপিতা নিয়ঙ্গর মতো বাঘা বাঘা তারকাদের নিয়ে ‘আয়রন ম্যান’ খ্যাত পরিচালক জন ফ্যাভারু নির্মাণ করেছেন সিনেমাটি।

সিনেমার প্রধান চরিত্র ছোট্ট শিশু মোগলির ভূমিকায় অভিনয় করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা নীল শেঠি। ট্রেইলারজুড়ে বনের পশুদের সঙ্গে নীলের নানা কর্মকাণ্ডের টুকরো দৃশ্যই দেখানো হয়েছে। ছোট্ট মোগলির দস্যিপনার সঙ্গে শের খানের হিংস্রতা, ভালুক বালু আর কাল চিতাবাঘ বাঘিরার সঙ্গে তার সখ্যতার বিষয়টিও উঠে এসেছে ট্রেইলারে। শের খানের কণ্ঠ দিয়েছেন ইদ্রিস এলবা, বালুর কণ্ঠে ছিলেন বিল মারে এবং বাঘিরার কণ্ঠদান করেছেন স্যার বেন কিংসলে।

তবে পুরো ট্রেইলার জুড়ে যার কণ্ঠ ব্যবহৃত হয়েছে, তিনি হলেন স্কারলেট জোহানসন। বিরাট অজগর কা-এর কণ্ঠদান করেছেন তিনি। এই কা-ই  নানান সময়ে ছল চাতুরির আশ্রয় নিয়ে মোগলিকে বিপদে ফেলতে চায়। টেইলারের শুরুতেই তাই শোনা যায় কা-য়ের মায়াবী কণ্ঠ “তুমি কি একা এখানে? এই গভীর অরণ্যে তুমি কি করছো”

২০১৬ সালের ১৫ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে মোগলির পালক নেকড়ে মা রাকশার কণ্ঠ দিয়েছেন লুপিতা। আর বিশাল ওরাংওটাং কিং লুয়ির কণ্ঠ দিয়েছেন ক্রিস্টোফার ওয়াকেন।