গ্রেস কেলি: পর্দা থেকে বাস্তবের রাজকুমারী
সিন্ডারেলার মতো প্রিন্স চার্মিং-এর দেখা পাওয়ার স্বপ্ন অনেক মেয়ের মনেই উঁকি দেয়। এই স্বপ্নই সত্যি হয়েছিল অভিনেত্রী গ্রেস কেলির জীবনে। হলিউড তারকা থেকে তিনি হয়ে ওঠেন প্রিন্সেস অফ মোনাকো। দ্বীপরাজ্য মোনাকোর প্রিন্স রেইনিয়ের থার্ডের স্ত্রী হয়ে তিনি চলচ্চিত্রজগত ত্যাগ করেন।
প্যাট্রিশিয়া কেলির জন্ম ১৯২৯ সালের ১২ নভেম্বর ফিলাডেলফিয়ার এক ধনাঢ্য পরিবারে। বাবা মা দুজনই ছিলেন ক্রীড়াবিদ ও রাজনীতির সঙ্গে যুক্ত।
কেলির ভাইও ছিলেন অলিম্পিকে মেডেলজয়ী ক্রীড়াবিদ। তার দুই চাচাও ছিলেন বিখ্যাত শিল্পী ও নাট্যকার। স্কুলে পড়ার সময় থেকেই মডেলিং ও অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েন গ্রেস। ১২ বছর বয়সেই মঞ্চে অভিনয় করে খ্যাতি পান তিনি। তার জীবনের লক্ষ্য ছিল অভিনেত্রী হওয়া। তিনি নিউইয়র্কে আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টসের ছাত্রী ছিলেন। সে সময় তিনি মঞ্চে অভিনয় করে খ্যাতি পান। মঞ্চের পর টিভিতে অভিনয় করেন, জনপ্রিয়তাও পান।
১৯৫১ সালে ফরটিন আওয়াসর্ নামে একটি সিনেমায় ছোট একটি ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় তার অভিষেক হয়। এই ছবিতে তার অভিনয় অবশ্য তেমন নজর কাড়তে পারেনি। তিনি টেলিভিশন ও মঞ্চে অভিনয় চালিয়ে যেতে থাকেন। এমন সময় তিনি হলিউডের প্রযোজক স্ট্যানলি ক্র্যামারের কাছ থেকে টেলিগ্রাম পান। সেটি ছিল বিখ্যাত অভিনেতা গ্যারি কুপারের বিপরীতে ‘হাই নুন’ ছবিতে অভিনয়ের প্রস্তাব। আকাশের চাঁদ হাতে পান গ্রেস। কারণ গ্যারি কুপারের ভক্ত ছিলেন তিনি স্কুল জীবন থেকেই।
‘দ্য ব্রিজেস অ্যাট টকো-রি’ ছবিতে অভিনয়ের সুবাদে পঞ্চাশের দশকে গ্রেস কেলি হয়ে ওঠেন হলিউডের অন্যতম সেরা তারকা। ‘দ্য কান্ট্রি গার্ল’, ‘গ্রিন ফায়ার’,‘ টু ক্যাচ আ থিফ’, ‘দ্য সোয়ান’, ‘হাই সোসাইটি’সহ বিভিন্ন সাড়া জাগানো ছবিতে অভিনয় করেন তিনি। সে সময়কার সব শীর্ষ নায়কের বিপরীতেই কাজ করেন। এদের মধ্যে গ্যারি কুপার, ক্লার্ক গেবল, জেমস স্টুয়ার্ট, বিং কসবি, মিকি রুনি, ক্যারি গ্রান্ট, অ্যালেক গিনেজ, ফ্রাংক সিনেত্রাসহ অনেকে ছিলেন। গ্রেসের সহ-অভিনেতারা তাকে অত্যন্ত পছন্দ করতেন। তার চরিত্রে স্নিগ্ধতা, নারীত্ব ও বুদ্ধিমত্তার এমন সুন্দর সমন্বয় ঘটেছিল যে পরিচালক, অভিনয়শিল্পী থেকে শুরু করে সেটে উপস্থিত সকলেই তার সাহচর্য পছন্দ করতো।
১৯৫৫ সালের এপ্রিল মাসে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মার্কিন প্রতিনিধি দলের সদস্য হয়ে ফ্রান্সে যান গ্রেস। মোনাকোর রাজপ্রাসাদে প্রতিনিধি দলের সঙ্গে প্রিন্স রেইনিয়েরের এক ফটোসেশনের আয়োজন করা হয়। সেখানেই রাজকুমারের সঙ্গে পরিচিত হন তিনি। প্রিন্স মুগ্ধ হন তার সৌন্দর্য, মাধুর্য ও সংযত আচরণে। আমেরিকায় ফিরে ‘দ্য সোয়ান’ ছবিতে কাজ শুরু করেন গ্রেস। এখানে এক রাজকন্যার ভূমিকায় অভিনয় করেন তিনি। এ সময় প্রিন্সের সঙ্গে তার যোগাযোগ চলতে থাকে চিঠিপত্রের মাধ্যমে। ১৯৫৫ সালের ডিসেম্বরে আমেরিকা আসেন প্রিন্স। যদিও এটিকে কূটনৈতিক সফর বলা হয়েছিল। তবে তিনি গ্রেসের সঙ্গে দেখা করতেই আমেরিকা এসেছিলেন।
১৯৫৬ সালের ১৯ এপ্রিল বিয়ের দিন ধার্য হয়। সবাই এই বিয়ের সংবাদে খুশি হন। আলফ্রেড হিচকক মন্তব্য করেন "আমি এই বিয়েতে খুব আনন্দিত। আমি আনন্দিত যে গ্রেস কেলি এমন একটি ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছেন।"
মোনাকোর রাজপ্রাসাদসহ পুরো দেশ উৎসবের সাজে সজ্জিত হতে থাকে। ৪ এপ্রিল পরিবারের সদস্য বন্ধুবান্ধব, পোষা পুডল কুকুরসহ বিশাল এক বহর নিয়ে মোনাকো পৌঁছান গ্রেস কেলি। ভাবী রাজবধূকে বিপুল আনন্দের সঙ্গে সংবর্ধনা জানায় দেশবাসী।
গ্রেস-রেইনিয়েরের বিয়েতে উপস্থিত ছিলেন ক্যারি গ্রান্ট, ডেভিড নিভেন, আভা গার্ডেনার গ্লোরিয়া সোয়ানসন, ফ্রাংক সিনাত্রা, ধনকুবের অ্যারিস্টটল ওনাসিস, প্রিন্স আগা খান তৃতীয়, লেডি ডায়ানা কুপারসহ ৭০০ বিখ্যাত ব্যক্তিত্ব। রাজকীয় জাঁকজমকে চোখ ধাঁধিয়ে যায় অতিথিদের। পত্রিকাগুলো এই বিয়েকে শতাব্দীর সেরা বিয়ে বলে ঘোষণা করে। বিভিন্ন দেশের টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে বিয়ের অনুষ্ঠান।
বিয়ের পর অভিনয়জীবন সম্পূর্ণভাবে ত্যাগ করেন প্রিন্সেস কনসোর্ট অব মোনাকো গ্রেস কেলি। তিনি অবশ্য অভিনয়ে ফিরে আসার ইচ্ছা অনেকবারই ব্যক্ত করেন। কিন্তু স্বামীর অনুরোধে এই সংকল্প ত্যাগ করেন। কারণ প্রিন্স রেইনিয়ের মনে করেন একজন রানীর পক্ষে চলচ্চিত্রে অভিনয় করাটা রাজকীয় মর্যাদার পরিপন্থী এবং অশোভন। দাম্পত্য জীবনে দারুণ সুখী এই দম্পতির তিন সন্তান রয়েছে।
গ্রেস কেলি এর পর সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। অ|ভিনয়ের জন্য তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বোর্ড অব রিভিউ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। হলিউড ওয়াক অব ফেইমে তারকা হিসেবে স্থান পেয়েছেন তিনি। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট তাকে সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকায় ১৩তম স্থান দিয়েছে।
শুধু অভিনয় নয়, তিনি ছিলেন তার যুগের ফ্যাশন আইকন। তার পোশাক, সাজসজ্জা দারুণভাবে প্রশংসিত ছিল। তিনি যে বড় আকারের ব্যাগ ব্যবহার করতেন তা ‘কেলি ব্যাগ’ নামে আজও জনপ্রিয়।
১৯৮২ সালের ১৪ সেপ্টেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস অব মোনাকো গ্রেস কেলির মৃত্যু হয়। মোনাকোর সেইন্ট নিকোলাস ক্যাথেড্রালে তার অন্তেষ্টিক্রিয়া হয়। কেলির অন্তেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন প্রিন্সেস ডায়না, ক্যারি গ্রান্ট, ন্যান্সি রিগ্যানসহ চারশ'র বেশি বিশিষ্ট ব্যক্তি। তার স্বামী প্রিন্স রেইনিয়ের বিপত্নীক অবস্থায় দীর্ঘ ২৩ বছর নিঃসঙ্গ জীবন যাপন করে ২০০৫ সালে মৃত্যু বরণ করেন।
গ্রেস কেলি সম্পর্কে সবচেয়ে যথার্থ মন্তব্য করেছিলেন তার সহ-অভিনেতা জেমস স্টুয়ার্ট । তার শেষকৃত্যে স্টুয়ার্ট বলেন, “আমি গ্রেস কেলিকে ভালোবাসি এই কারণে নয় যে, সে ছিল একজন খ্যাতিমান অভিনেত্রী, আমার বন্ধু এবং মোনাকোর প্রিন্সেস। তাকে ভালোবাসি কারণ সে ছিল আমার দেখা সবচেয়ে ভাল নারী। সে মানুষ হিসেবে ছিল অসাধারণ ভাল মনের অধিকারী। তার ব্যক্তিত্ব ছিল স্নিগ্ধ ও মাধুর্যময়। সে আমার এবং পরিচিত সকলের জীবনে নিয়ে এসেছিল কোমল, স্নিগ্ধ আলোর স্পর্শ। আমরা সবাই তাকে মিস করবো ভীষণভাবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।”
