২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ুশমানের সঙ্গেই ফিরছে ভুমি

চলতি বছরের অন্যতম হিট সিনেমা ‘দাম লাগাকে হাইশা’র পর আবারও একসঙ্গে দেখা যাবে ভূমি পেদনেকার এবং আয়ুশমান খুরানাকে। তিগমাংশু ধুলিয়ার ‘ভুলে সে নাম না লো পেয়ার কা’ সিনেমায় কাজ করবেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একতা কাপুর প্রযোজিত সিনেমাটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এই দুই তারকাকে।

“ভূমি এবং আয়ুশমানকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সব কিছু প্রায় চূড়ান্ত। বালাজি ফিল্মস মনে করছে তারাই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে উপযুক্ত।”

তিগমাংশু ধুলিয়ার এই সিনেমা নিয়ে শুরু থেকেই অবশ্য কম জল ঘোলা কম। প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটির নাম হবে ‘মিলান টকিজ’ এবং এতে অভিনয় করবেন শাহিদ কাপুর। প্রধান নারী চরিত্রের জন্য ভাবা হচ্ছিল শ্রদ্ধা কাপুর অথবা হুমা কুরেশির কথা। 

পরে শাহিদ কাপুরের জায়গায় শোনা গেল আদিত্য রয় কাপুরের নাম। শেষমেশ কিছুদিন আগে জানা যায় নির্মাতারা এর জন্য প্রস্তাব দিয়েছেন ইমরান খানকে।

তবে ইমরান খানের উচ্চ পারিশ্রমিক এবং তার বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াকে চুক্তিবদ্ধ করার শর্ত নির্মাতাদের এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য করে।

এ বিষয়ে সূত্র জানায়, “ইমরান তিন কোটি রুপি চাইছিলেন সিনেমাটির জন্য। এতে করে সিনেমাটির নির্মাণ ব্যয় অনেক বেড়ে যাচ্ছিল। কোনো পরিবেশক এতো ব্যয়বহুল সিনেমার পেছনে অর্থ লগ্নি করতে চাইছিলেন না। তাছাড়া বালাজিকে পরিবেশকরা বলেছিলেন এতো বেশি বাজেটের সিনেমার মূলধন কখনও উঠিয়ে আনা সম্ভব হবে না। বাধ্য হয়ে তাই প্রযোজকেরা নতুন কলাকুশলির কথা ভাবতে শুরু করেন।”