২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেই ৫০ কোটি আয় ‘ওয়েলকাম ব্যাক’-এর

আনিস বাজমি পরিচালিত তারকাবহুল সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’কে সাদরেই গ্রহণ করেছে দর্শকরা। মুক্তির দিনেই ১৪ কোটি রুপি আয় করা সিনেমাটি তিন দিনে ৫১ কোটি রুপি আয় নিয়ে গড়েছে বছরের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের রেকর্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 03:32 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

প্রথম দিনের জমজমাট ব্যবসার পর, এর পরের দুদিনে আয়ের গতি আরও বেড়েছে ২০০৭ সালের কমেডি ‘ওয়েলকাম’-এর এই সিকুয়ালের। টুইটারে তারান আদার্শ জানিয়েছেন, “ওয়েলকাম ব্যাক-এর শক্ত অবস্থান। শুক্রবার ১৪ কোটি ৩৫ লাখ রুপি, শনিবার ১৭ কোটি ৫ লাখ রুপি, রবিবার ১৯ কোটি ৬০ লাখ রুপি। সব মিলিয়ে ৫১ কোটি। অসাধারণ!”

প্রথম তিন দিনেই আয় শত কোটি ছাড়ানো ‘বাজরাঙ্গি ভাইজান’ এখনও অবস্থান করছে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আক্শায় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘ব্রাদার্স’; প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছিল ৫২ কোটি রুপি।

ভারতের বাইরেও ভাল ব্যবসা করছে ‘ওয়েলকাম ব্যাক’। তারান আদার্শ জানাচ্ছেন, প্রথম তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে ২১ কোটি ৩৮ লাখ রুপি আয়ে করেছে সিনেমাটি।

সিকুয়ালে আকশায় কুমারের জায়গা নিয়েছেন জন অ্যাব্রাহাম, ক্যাটরিনা কাইফের স্থানে এসেছেন শ্রুতি হাসান। নানা পাটেকার, অনিল কাপুর এবং পরেশ রাওয়াল ফিরেছেন তাদের পুরোনো চরিত্রে, যুক্ত হয়েছেন নাসিরউদ্দিন শাহ ও ডিম্পল কাপাডিয়া।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও হল মাতাচ্ছে ‘ওয়েলকাম ব্যাক’। ৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি।