আসছে পড়শী ও রুমীর ‘ওরে মন’
'ওরে মন' গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওচিত্রেও দেখা যাবে তাদের।
ঠিক ৬ বছর পর যুগল গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আরফিন রুমী ও সাবরিনা পড়শী।
'ওরে মন’ শিরোনামের গানটি সোমবার পড়শীর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলে জানান এই শিল্পী।
এই দুই শিল্পী ১৩ বছর আগে প্রথম জুটি বাঁধেন ‘তোমারই পরশ’ গানে । এরপর দুজন একসঙ্গে আরও কয়েকটি গান করেছেন।
'ওরে মন' গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওচিত্রেও দেখা যাবে তাদের। কক্সবাজারে গানেও দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওচিত্র নির্মাণ করেছেন রম্য খান।
পড়শী গ্লিটজকে বলেন, “এক বছর আগে আমরা গানটির শুটিং করেছি। একটু ধীরে কাজ হয়েছে। কক্সবাজারে শুটিং শেষ করে, সম্পাদনাসহ অন্যান্য কাজ শেষ করে এখন প্রকাশের অপেক্ষায়। আশা করছি দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।”
'ওরে মন' গানের কথা লিখেছেন অনুরূপ আইচ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
