মিস ইউনিভার্স জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া
২১ বছর বয়সী এই তরুণী বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন।
ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ মিস ইউনিভার্সের এবারের আসরে সেরার মুকুট অর্জন করেছেন।
২১ বছর বয়সী এই তরুণী বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন।
সিএনএন লিখেছে, শনিবার রাতে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছে এই সুন্দরী প্রতিযোগিতা। যেখানে ১২০ জনের বেশি প্রতিযোগীকে হারিয়েছেন ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ এবং এই প্রতিযোগিতায় তিনিই প্রথম ডেনিশ বিজয়ী। ভিক্টোরিয়া একাধারে নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং ভবিষ্যৎ আইনজীবী।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।
মুকুট গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বর্তমান মিস ইউনিভার্স শেইনিস প্যালাসিওস। মিস ইউনিভার্সের এই জমকালো আয়োজনে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রবিন থিক, এবং উপস্থাপনায় ছিলেন মারিও লোপেজ ও প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কালপো।
প্রাথমিক রাউন্ডে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এই ৩০ প্রতিযোগী থেকে সেমিফাইনালের তালিকা করা হয়। তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড হয় এবং গাউন প্রতিযোগিতা হয়। সেখান থেকে চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে পাঠানো হয়।
নেতৃত্বের গুণাবলি ও মনোবলের দৃঢ়তার বিষয়ে প্রশ্ন করা হয় সকলকে।
সেখানে থিলভিগকে প্রশ্ন করা হয়, "কেউ যদি আপনাকে মূল্যায়ন না করত, তাহলে আপনি কীভাবে জীবনযাপন করতেন?"
উত্তরে থিলভিগ বলেন, "আমি কিছুই বদলাতাম না, কারণ আমি প্রতিটি দিনকে উপভোগ করি।"
দর্শকদের উদ্দেশ্য করে নতুন এই মিস ইউনিভার্স বলেন, "যে যেখান থেকেই আসুন না কেন, কখনও হাল ছাড়বেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি পরিবর্তন চাই এবং আজ আমি ইতিহাস তৈরি করছি।"
মিস ইউনিভার্সের শীর্ষ পাঁচে আরও ছিলেন থাইল্যান্ডের সুচাটা চুয়াংস্রি এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেড্রোজা। পেড্রোজা, যিনি একজন ২৮ বছর বয়সী মা।
মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়াও এ বছর মাল্টার বিট্রিস এনজোয়া নামের এক নারী ৪০ বছর বয়সে গ্র্যান্ড ফাইনালে পৌঁছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২০২৩ সালে এই প্রতিযোগিতাকে আরও আধুনিক করে তুলতে গর্ভবতী নারী, মা এবং বিবাহিত নারীদের জন্য নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।
