১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

শেফালির মৃত্যু: বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ ও হৃদরোগের যোগসূত্র আছে?

প্রাথমিক তথ্য প্রমাণে পুলিশ ধারণা করছে, বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ, গ্লুটাথিয়ন ও ভিটামিন সি ইনজেকশন তার হৃদরোগের কারণ হয়ে থাকতে পারে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা বয়স ঠেকিয়ে রাখতে প্রতি মাসে ইনজেকশন নিতেন, যা তার ‘হৃদরোগের কারণ’ হয়ে থাকতে পারে বলে মনে করছে মুম্বাই পুলিশ।

এনডিটিভি লিখেছে, পুলিশের তদন্তে এসেছে, শেফালি সাত থেকে আট বছর ধরে নিয়মতি বার্ধক্যপ্রতিরোধী ওষুধ খাচ্ছিলেন। শুক্রবার মৃত্যুর দিনও তিনি ‘অ্যান্টি এইজিং’ ইনজেকশন নেন। এই ওষুধ বহু বছর আগে এক চিকিৎসক তাকে দিয়েছিলেন। এরপর থেকে প্রতি মাসে এই ইনজেকশন তিনি চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশ বলছে, অ্যান্টি এইজিং ইনজেকশন নেওয়ার সঙ্গে তার হৃদরোগের যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের স্বার্ধে পুলিশ সেই ওষুধ সরবরাহকারী দোকানের ফার্মাসিস্টের জবানবন্দিও নিয়েছে। শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ মোট ১০ জনের বক্তব্য রেকর্ড করা করেছে।

শেফালির ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো হাতে না পেলেও, প্রাথমিক তথ্য প্রমাণে পুলিশ ধারণা করছে, বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ, গ্লুটাথিয়ন (শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের বর্ণ উজ্জ্বলকারী) ও ভিটামিন সি ইনজেকশন তার হৃদরোগের কারণ হয়ে থাকতে পারে।

মুম্বাইয়ের বাড়িতে শুক্রবার রাতে শেফালি অসুস্থ হয়ে পড়লে তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও দুই ঘনিষ্ঠ বন্ধু তাকে শহরের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। 

চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তারা শেফালির মৃত্যুর কারণ জানাতে পারবেন।

শেফালির স্বামী পরাগ সংবাধমাধ্যমকে বলেছেন, তার স্ত্রী ‘কার্ডিয়াক অ্যারেস্টের’ শিকার হয়ে মারা গেছেন।

শেফালির মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশের সঙ্গে পাঁচ চিকিৎসকের একটি দল কাজ করছে। তাদের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রক্তচাপ কমে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ওষুধ গ্রহণের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও সমস্যা তৈরি হতে পারে। 

হায়দরাবাদের যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রধান পরামর্শক ধীরেন্দ্র সিংহানিয়া এনডিটিভিকে বলেন, “স্টেরয়েড সেবন, ঘুমের অভাব, অতিরিক্ত ওষুধ গ্রহণ কিংবা হরমোন থেরাপি মৃত্যুর কারণ হতে পারে।” 

গ্লুটাথিয়নের ব্যবহার হৃদরোগের ঝুঁকি তৈরি করে কি না, জানতে এনডিটিভি কথা বলেছে মেট্রো গ্রুপ অব হাসপাতালের পরিচালক সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সমীর গুপ্তের সঙ্গে। 

তিনি বলেন, “যখনই কেউ কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্যান্সার বা অন্য কোনো অসুস্থতার কারণে মারা যায়, তখন তার শেষ পরিণতি আসলে হয় হৃদরোগে আক্রান্ত হওয়ার মাধ্যমে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কেন তিনি হৃদরোগে আক্রান্ত হন। 

“ঠিক আছে, এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে বার্ধক্যবিরোধী চিকিৎসা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হতে পারে। বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত, যার মধ্যে রয়েছে আগের স্বাস্থ্যগত অবস্থা, জেনেটিক হৃদরোগের সমস্যা, জীবনযাত্রার পছন্দ এবং ধূমপানের অভ্যাস।”

তিনি বলেছেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদনেই কেবল জানা সম্ভব। 

পরাগ ত্যাগী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, শুক্রবার সারা দিন শেফালিকে দেখে অসুস্থ মনে হয়নি। কিন্তু রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালি অসুস্থ হয়ে পড়েন। এরপর সংজ্ঞা হারান এবং তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পুলিশ জেনেছে, শুক্রবার সারাদিন না খেয়ে ছিলেন শেফালি, কারণ বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়েছিল।

অচেতন হয়ে পড়ার কিছু সময় আগে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে খেয়েছিলেন তিনি। যে খাবারটি একদিন আগে রান্না করা। 

পরাগ ত্যাগী বলেন, “বাড়িতে পূজার আয়োজনের ব্যস্ততা ছিল। ওই ব্যস্ততার মধ্যে শেফালি এক দিন আগের রান্না করা কিছু খাবার খেয়েছিল। ওই খাবার খাওয়ার পরপরই শেফালি অসুস্থ হয়ে পড়ে।”

ময়নাতদন্তের প্রতিবেদন এখনো হাতে পায়নি পুলিশ। তবে কর্তৃপক্ষ কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করে রেখেছে।

পুরনো খবর

শেফালির মৃত্যু: রাত ১০ থেকে ১১টার মধ্যে যা ঘটেছিল