Published : 13 Nov 2022, 01:21 PM
লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরে সেরার শিরোপা জিতেছেন ঢাকার শফিউল বাদশা।
২০২২ সালের এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার ফকির চান এবং ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য্য হয়েছেন তৃতীয়।
শনিবার সন্ধ্যায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে বসেছিল ম্যাজিক বাউলিয়ানা’র গ্র্যান্ড ফিনালে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা
মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হয়।
সেরা প্রতিযোগী বাদশাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। এছাড়া ফকির ও অর্ণব পেয়েছেন তিন লাখ এবং দুই লাখ টাকা।
প্রতিযোগীদের মধ্যে সেরা ছয়ে আরও আছেন জামালপুরের সাইফুল ইসলাম, কুষ্টিয়ার অর্পা খন্দকার চাঁদনী এবং জয়পুরহাটের ঐশী রাণী দৃষ্টি।
এবারের প্রতিযোগিতার জন্য গত ১০ মে নিবন্ধন শুরু হয়। সারা দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী এবারের আসরে অংশ নেন।
২০১৩ সাল থেকে লোকসংগীত ভিত্তিক এই রিয়েলিটি শোর আয়োজন করা হচ্ছে। তবে এবারই প্রথম দেশের বাইরে থেকে ভার্চুয়াল অডিশনের মাধ্যমে এ আয়োজনে অংশ নেওয়া সুযোগ ছিল।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি মাপকাঠিতে সেরা প্রতিযোগীকে নির্বাচিত করেন বিচারকরা। বিচারকমণ্ডলীতে ছিলেন লোকগানের শিল্পী বাউল শফি মণ্ডল, শাহনাজ বেলী ও আরিফ দেওয়ান।
অনুষ্ঠানে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন শিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ এবং বইটির গবেষক ও সম্পাদক, বাংলা একাডেমির উপপরিচালক তপন বাগচী।
অনুষ্ঠানে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন শিল্পী রুনা লায়লা
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সেইসাথে সেরা ছয় প্রতিযোগীর সাথে গান পরিবেশন করেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়াকম, সান কমিউনিকেশনস ও স্কয়ার গ্রুপের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
পুরানো খবর:
‘ম্যাজিক বাউলিয়ানা’র নিবন্ধন শুরুপুরানো খবর:
‘ম্যাজিক বাউলিয়ানার’ স্টুডিও রাউন্ড মাছরাঙায়