২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কলকাতার আরেক অভিনেতার মৃত্যু

ছোটপর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন প্রণব।

কলকাতার আরেক অভিনেতার মৃত্যু
অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 06:39 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

পশ্চিমবঙ্গের ছোট পর্দার আরেক তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় ২৮ বছর বয়সেই চলে গেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

আনন্দবাজার লিখেছে, প্রণব বেশ কিছুদিন ধরেই কাজ খুঁজছিলেন। কাজ না পেয়ে চিন্তা গ্রাস করেছিল এ তরুণ শিল্পীকে।

পানিতে ডুবে আরেক অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর তিন দিনের মধ্যে প্রণবের আচমকা মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা।

তার সহশিল্পী অভিনেত্রী অলকানন্দা গুহ বলেছেন, অনেক দিন ধরেই কাজ খুঁজছিলেন প্রণব।

“খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, কাজ না থাকার কারণে খুব চিন্তায় থাকত। সেই থেকে হঠাৎই প্যানিক অ্যাটাক হয়। এর পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুনেছি, হাসপাতালে যাওয়ার পথেই…(মারা গেছে)।”

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা তুলে ধরে তিনি বলেন, “খুব খারাপ লাগছে। এতবার কাজ চেয়েছিল। আমি কোথা থেকে দেব! তাও আমি যা প্রচারজাতীয় শুটিং করতাম, সেখানে ওকে অনেক সময় ডেকেছি কাজের জন্য। নিজের সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিকও দিয়েছি।”

ছোটপর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন প্রণব। ‘তেঁতুল পাতা’, ‘ভগবান দাস’ এর মত আরও কিছু কাজে তাকে দেখা গিয়েছিল। এছাড়া ‘নেতাজি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।