Published : 16 Mar 2026, 08:10 PM
অস্কারের আসরে প্রতিবছরই বিশ্বজুড়ে প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের কথা স্মরণ করে ‘ইন মেমোরিয়াম’ বিভাগ রাখা হয়। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন মেমোরিয়াম’ পর্বটি ছিল অস্কার ইতিহাসের দীর্ঘতম অংশ।
গেল বছর প্রয়াত তারকা রবার্ট রেডফোর্ড, ডায়ান কিটন, ক্যাথেরিন ও’হারা, রব রাইনার, রবার্ট ডুভাল, জিন হ্যাকম্যান ও ভ্যাল কিলমারসহ অন্যান্য তারকাকে স্মরণ করা হয় এবার। তবে টিভি সম্প্রচারের বাদ পড়েন ব্রিজেত বার্দো, এরিক ডেন, জেমস ভ্যান ডার বিক, ডেভিড কাইলি ও ম্যালকম-জামাল ওয়ার্নারের মত তারকারা।
ভারতীয় হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওলের নামও ছিল না ‘ইন মেমোরিয়াম’ পর্বে। একই সঙ্গে বাদ পড়ে ষাটের দশকের আরেক জনপ্রিয় অভিনেতা মনোজ কুমারের নামও।
তবে, টিভি সম্প্রচারের কয়েক ঘণ্টা পর অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ অংশে বাদ পড়া তারকাদের নাম যোগ করা হয়েছে।
সাইটে ধর্মেন্দ্র, মনোজ কুমারের পাশাপাশি ভারতীয় সিনেমার আরেক খ্যাতনামা শিল্পী বি সারোজা দেবীর নামও অন্তর্ভুক্ত করা হয়।

'শোলে', 'চুপকে চুপকে', 'আয়ে মিলন কি বেলার' মত তুমুল জনপ্রিয় হিন্দি সিনেমার অভিনেতা ধর্মেন্দ্র চলে যান গেল বছরের ২৪ নভেম্বর। জীবনের ৯০ বছর পূর্ণ করার মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে চিরবিদায় নেন তিনি।
ধর্মেন্দ্রর পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষাণ দেওল। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নাসরালিতে তার জন্ম। দ্ররিদ্র কৃষক পরিবারের এই সন্তানটির শৈশব থেকে সিনেমার প্রতি প্রবল টান অনুভব করতেন।১৯৬০ সালে ফিল্মফেয়ার 'ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে' পা রাখেন বলিউডে। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। সেই থেকে শুরু।
ছয় দশকের বেশি সময় তিনশোর বেশি সিনেমায় অভিনয়ে অসামান্য প্রতিভার ছাপ রেখে গেছেন ধর্মেন্দ্র।
গেল বছরের ১৪ জুলাইয়ে মারা যান ৮৭ বছর বয়সী সারোজা দেবী। আর এপ্রিলের ৪ তারিখে মারা যান মনোজ কুমার।