হাবীবুল্লাহ বাহার কলেজে চলচ্চিত্র উৎসব
"এই উৎসবের লক্ষ্য হল তরুণ নির্মাতাদের সৃজনশীল চলচ্চিত্রকর্ম দর্শকদের সামনে তুলে ধরা এবং দর্শক-শ্রোতাদের মধ্যে রুচিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।"
ঢাকার হাবীবুল্লাহ বাহার কলেজের ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ এ দেখানো হবে ২০টি সিনেমা।
বৃহস্পতিবার দিনব্যাপী এই উৎসবে ২০টি মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কলেজটির থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ওয়াহিদা সুলতানা (আশা) জানিয়েছেন।
তিনি বলেন, "এই উৎসবের লক্ষ্য হল তরুণ নির্মাতাদের সৃজনশীল চলচ্চিত্রকর্ম দর্শকদের সামনে তুলে ধরা এবং দর্শক-শ্রোতাদের মধ্যে রুচিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।"
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলচ্চিত্র দেখানো হবে; যা সবার জন্য উন্মুক্ত।
উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রে ফুটে উঠবে, দেশপ্রেম, মানবতাবোধ, জুলাই আন্দোলনের চেতনা, মব জাস্টিস, নতুন প্রজন্মের ভাবনাসহ সমসাময়িক নানা সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা।
জমা পড়া অর্ধশতাধিক চলচ্চিত্রের মধ্যে থেকে বাছাই করা ২০টি চলচ্চিত্র দেখানো হবে; এর মধ্য থেকে ৫টি চলচ্চিত্রকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে।
পুরস্কার দেবেন হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ কর্ণেল ইমরুল কায়েস (অব.) অধ্যক্ষ।
মনোনীত চলচ্চিত্রের মধ্যে আছে- অজ্ঞাত, হেলিকপ্টার, ইউরিক এসিড, বিশ্বাস, ট্রু অর নাইটমেয়ার, দ্য বয় ইন দ্য টর্ন সুজ, জুলাইয়ের চিঠি, পথ, প্যাসেঞ্জার, ইন্টারোগেশন, ঘোর, পুরান পুতুল, দ্য বন্ড, বেবি গেইম, ওয়ানস আপ অন অ্যা টাইম ইন জুলাই, জয়েনিং লেটার, দ্য বার্ড, দ্য ফ্ল্যাগ, ম্যাজিক রিমোর্ট।
