Published : 18 Apr 2026, 02:43 PM
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 'অ্যাশেজ' ব্যান্ডের যে উন্মুক্ত কনসার্ট হওয়ার কথা ছিল শনিবার, সেটি হচ্ছে না।
জায়গার স্বল্পতায় দর্শকের ভিড় সামলানো কঠিন হবে বলে আয়োজকরা কনসার্টটি বাতিল করেছে বলে জানিয়েছে ব্যান্ডটি।
ফেইসবুকে এক পোস্টে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান লিখেছেন, "১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।"
কনসার্টে জায়গার স্বল্পতার কথা জানিয়ে ইভান আরও লিখেছেন, "জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে।"
আবেগঘন বার্তায় এই শিল্পী লিখেছেন, "আমাদের আর দেখা হল না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!"
চলতি মাসের শুরু থেকে শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। ঢাকার গাবতলী, মিরপুর, পল্লবী, বাসাবো, সূত্রাপুর, মোহাম্মদপুর, মতিঝিল, উত্তরা, ধানমন্ডির পাশাপাশি গাজীপুর ও কুমিল্লায় কনসার্ট করেছে দলটি।
শুক্রবার রাজধানীর উত্তরা এবং কুমিল্লা টাউন হল মাঠে কনসার্ট করেছে ব্যান্ডটি।

চলতি বছর জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।
২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। অ্যাশেজের দুটি অ্যালবাম রয়েছে, তা হল ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’।
এই দুই অ্যালবামের ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখো না’, ‘তারাবাতি’, ‘সে আমারে’, 'আমার দিকে তাকিয়ে সে', ‘ছারপোকা’, ‘আয়না’ ‘ধুলোবালি’ সহ আরও কিছু গান রয়েছে যা দর্শকের পছন্দের।