Published : 27 Aug 2025, 02:39 PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে টেলিভিশন স্টেশনগুলো প্রচার করছে বিশেষ নাটক ও টেলিফিল্ম।
বুধবার নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটক ‘আলেয়া’। চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’।
নজরুলের গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও অভিনেত্রী শবনম ফারিয়া।
টেলিফিল্মটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এই টেলিফিল্ম দিয়ে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করেছেন ইমন ও ফারিয়া।
‘প্রিয় এমন রাতের’ চিত্রনাট্য তৈরি হয়েছে এক প্রেমিকার গভীর আবেগ ও আকুতির আশ্রয়ে।
টেলিফিল্মটি নিয়ে গুলজার বলেন, "নজরুল ইসলামের অনেক গানেই গল্পের সম্ভাবনা রয়েছে। তার গান থেকেই কাহিনী বের করে নাট্যরূপ দেওয়ার চেষ্টা করেছি। ইমন ও ফারিয়ার রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।"
এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ ও শেলী।
টেলিফিল্মটি বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।
আর নজরুলের লেখা ‘আলেয়া’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ।
মামুন মাহমুদের প্রযোজনায় এই নাটকে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমাসহ অনেকে।
প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে রচিত হয়েছে নাটকটি। 'আলেয়া' দেখা প্রচার হবে রাত ৯টায়।