২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা থেকে শাকিবের জন্য অপু যা যা নিয়ে আসেন

কলকাতা থেকে অপু যখন ঢাকায় ফেরেন, সঙ্গে করে নিয়ে যান শহরের কিছু মিষ্টি, যা শাকিবের ভীষণ পছন্দ করে ভাষ্য তার সাবেক স্ত্রীর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:00 AM

Updated : 22 Dec 2023, 12:00 AM

ছয় বছর আগে সংসার জীবন থেকে আলাদা হওয়া ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও সুপারস্টার শাকিব নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করেননি। বরং ছেলেকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন। বিদেশে একসঙ্গে ঘোরাঘুরি ছাড়াও সোশাল মিডিয়ায় একে অপরের কাজ নিয়ে প্রচারও চলিয়েছেন। দুজনের কেউই ভুলে যাননি তাদের পছন্দ-অপছন্দের কথা।

সেসব কথা মাথায় রেখে কলকাতা থেকে অপু যখন ঢাকায় ফেরেন, সঙ্গে করে নিয়ে যান শহরের কিছু মিষ্টি, যা শাকিবের ভীষণ পছন্দ বলে তার সাবেক স্ত্রীর ভাষ্য।

আনন্দবাজারকে অপু বলেছেন, কলকাতা থেকে শাকিবের জন্য নেওয়া উপহারের মধ্যে থাকে নলেন গুড়ের সন্দেশ আর নায়কের প্রিয় কাজু বরফি।

ব্যস্ততায় অন্য কিছু নেওয়া হোক বা না হোক, এই দুটি খাবার নিতে ভোলেন না অপু।

তিনি বলেন, "শেষবার যখন কলকাতায় এসেছিলাম, তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম। শাকিব ছাড়াও ছেলে জয়ের জন্য তার প্রিয় শাঁখ সন্দেশ নিয়ে গিয়েছিলাম হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে।"

কিছুদিন আগে অপু আনন্দবাজারকে বলেছিলেন, কেবল ছেলে আব্রাহাম খান জয়ের জন্য দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে রাজি নন তিনি। সন্তান কোনো ‘ভাঙা’ পরিবারের বেড়ে ওঠুক, তা চান না এই অভিনেত্রী।

ছেলেকে নিয়ে ওই চিন্তা থেকেই সাবেক স্বামী ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও জানিয়েছিলেন তিনি।

শাকিব খানের সঙ্গে জীবন এগিয়ে নেওয়ার কোনো পরিকল্পনায় আছে কি না জানতে চাইলে অপু বিশ্বাস বিষয়টি ‘সময়ের ওপর’ ছেড়ে দিয়েছেন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিল শাকিব খান-অপু বিশ্বাস। হঠাৎ করেই ২০১৫ সালের দিকে অপু উধাও হয়ে যান চলচ্চিত্র থেকে। পরে ২০১৭ সালের জানুয়ারিতে ঢাকায় হঠাৎ প্রকাশ্যে আসেন এক টিভি অনুষ্ঠানে। তখনই জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে, জয় তাদেরই সন্তান।

বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেওয়া এই চিত্রনায়িকা বলেছিলেন, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।

পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে জানিয়েছিলেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। তখন গুঞ্জন ছিল, শাকিবের অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া দেখে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করে দিয়েছিলেন অপু।

এমন নানা আলোচনার মধ্যে ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু-শাকিবের। তখন থেকেই ‍গুঞ্জন শোনা যায়, আরেক নায়িকা শবনম বুবলীর প্রেমে মজেছেন শাকিব। পরে তাদের বিয়ে আর সন্তানের খবরও প্রকাশ্যে আসে অপুর মত একই রকম নাটকীয়তায়।

এর মধ্যে চলতি বছর সাবেক স্ত্রী অপু এবং ছেলে জয়কে নিয়ে শাকিব খানের যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ানোর খবর আসে। গুঞ্জন শোনা যায়, ফের এক সংসারে ফিরছেন শাকিব-অপু।

ওই প্রসঙ্গ টেনে আনন্দবাজার জানতে চেয়েছিল, একসঙ্গে ঘোরাঘুরি করে অপু ও শাকিব কী বার্তা দিতে চেয়েছেন।

অপুর উত্তর হল, তিনি এবং শাকিব দুজনের কেউই চান না, তাদের ছেলে ‘ভাঙা’ পরিবারে বেড়ে উঠুক। তাই তারা একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।