২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনতা নিয়ে ‘সংকোচ’ রণবীরের কাছে আদিখ্যেতা

“নগ্নতা নিয়ে কোনো ছুঁতমার্গ নেই আমার। নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। কতটা পারি সেটাই দেখছি,” বলেন রণবীর সিং।

যৌনতা নিয়ে ‘সংকোচ’ রণবীরের কাছে আদিখ্যেতা

বলিউডি অভিনেতা রণবীর সিং

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 05:55 PM

Updated : 20 Feb 2023, 05:57 PM

বলিউড নায়ক রণবীর সিংয়ের ভাবনায় যৌনতা মন্দ কিছু নয়। তাই বিষয়টি নিয়ে সংকোচ করাকে ‘আদিখ্যেতা’ বলে মনে করেন তিনি। 

বলিউড শাদিস ডটকমের প্রতিবেদনে উঠে এসেছে রণবীরের রাখঢাকা না রাখা কিছু কথা। সেখানে তিনি যৌনতা বিষয়ে ভারতীয়দের অজ্ঞতা, সঙ্কোচ ও ছুতমার্গ নিয়ে অকপটে কথা বলেছেন। 

রণবীর বলেন, “যৌনতা বিষয়ে অজ্ঞতা ভারতের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যৌনতা খারাপ কিছু নয়। তাই তা নিয়ে বাড়তি সংকোচেরও মানে নেই।“

কেন দেশের মানুষ যৌনতা নিয়ে কথা বলতে লজ্জা পান ভেবে বিস্ময় প্রকাশ করেন এই অভিনেতা। 

রণবীর বলেন, “যৌনতা অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক একটি বিষয়। সকলেই যৌন সম্পর্কের মধ্যে যান, এবং এটি কোনও খারাপ বা নোংরা বিষয় নয়। তাই এ বিষয়ে সংস্কারের খাঁচায় বন্দি থাকার কারণ নেই।” 

গত বছর একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে নগ্ন হয়ে আলোচনার ঝড় বইয়ে দেন রণবীর। অনেকে তার প্রশংসা করেন সে সময়ে। তবে ভক্তদের অনেকেই বিষয়টি সহজভাবে নেননি। এমনকি ভারতের বিভিন্ন শহরে তার বিরুদ্ধে মামলাও হয়। সে সময় রণবীরের বাড়িতে পুলিশ গিয়ে তার খোঁজ পায়নি। 

সেসময় অভিনেতার অকপট বক্তব্য ছিল, “নগ্নতা নিয়ে কোনো ছুঁতমার্গ নেই আমার। নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। কতটা পারি সেটাই দেখছি।”

যৌনতা বিষয়ে ভারতীয়দের এই মানসিকতার কারণ অনুসন্ধান করা প্রয়োজন বলেও মনে করেন রণবীর। 

তিনি বলেন, “মানুষ এটা নিয়ে কৌতুক করে, মজা করে কিন্তু যখনই খোলাখুলি কথা বলার প্রসঙ্গ আসে, তখন তারা চুপ করে যায়। যৌনতা নিয়ে এই ধরনের ব্যাপক ভণ্ডামি রয়েছে।” 

অভিনেতা হিসেবে নিজের দক্ষতা অনেক দিন ধরেই দেখিয়ে আসছেন ৩৭ বছর বয়সী রণবীর। 

গত বছর তার অভিনীত ‘জয়েশভাই জোর্দার’ ও ‘সার্কাস’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। আগামীতে আলিয়া ভাটের বিপরীতে নির্মাতা করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে  দেখা যাবে তাকে। চলতি বছরের মাঝামাঝি মুক্তি পাবে সিনেমাটি।