বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ নিহত ‘ইন্ডিয়ানা জোনস’ তারকা
বিমানটি আকাশে ওঠার কিছুক্ষণ পরই সেটি বেকিয়া সংলগ্ন ক্যারিবিয়ান সাগরে ভেঙ্গে পড়ে।
ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে মাদিতা ও অনিক।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ এবং ‘ভালকিরি’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
তিনি সম্প্রতি ইন্ডিয়ানা জোনসের সর্বশেষ সিনেমায় অভিনয় করেছেন।
হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, ছোট একটি বিমানে করে অলিভার দুই মেয়েকে নিয়ে সেন্ট লুসিয়ার পথে যাত্রা করেছিলেন এফ মিচেল বিমানবন্দর থেকে। দুর্ভাগ্যজনকভাবে, বিমানটি আকাশে ওঠার কিছুক্ষণ পরই সেটি বেকিয়া সংলগ্ন ক্যারিবিয়ান সাগরে ভেঙ্গে পড়ে।
জেলে ও ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের কাউকে বাঁচানো যায়নি। পাইলট রবার্ট স্যাকসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও রহস্যের আড়ালে রয়ে গেছে। স্যাকস আকাশে ওড়ার পরেই বিমানে হওয়া সমস্যা সম্পর্কে রেডিয়ো বার্তায় জানিয়েছিলেন। তবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।
ক্রিশ্চিয়ান অলিভারের প্রভাব পর্দার বাইরেও পৌঁছেছিল। তার সহ-অভিনেতা বাই লিং গভীর শোক প্রকাশ করে অলিভারকে একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি বলে অভিহিত করেছেন। দুর্ঘটনার কয়েকদিন আগে অলিভার ইনস্টাগ্রামে একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ভালোবাসাকে শাসন করতে দাও’।
ক্রিশ্চিয়ান অলিভারের শেষ সিনেমা 'ফরেভার হোল্ড ইয়োর পিস' মরণোত্তর মুক্তি পেতে যাচ্ছে।
পরিচালক নিক লিয়ন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের চিত্রগ্রহণের শেষ দিনের একটি ছবি শেয়ার করেছেন এবং বছরের পর বছর ধরে সহযোগিতা এবং বন্ধুত্বের কথা স্মরণ করেছেন।
