মুম্বাই বিমানবন্দরে হয়রানির শিকার মন্দিরা বেদী
সম্প্রতি পরিবারের সাথে ছুটি কাটাতে বিদেশে গিয়ে দুই সপ্তাহে প্রায় তিন দেশ ঘুরে বেড়ান মন্দিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে যন্ত্রণাদায়ক এক অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপিকা মন্দিরা বেদী। জানালেন দুই সন্তানকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার কথা।
সম্প্রতি পরিবারের সাথে ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন মন্দিরা। দুই সপ্তাহে প্রায় তিন দেশ ঘুরে মুম্বাইতে ফেরেন তিনি। ফিরেই মুম্বাই বিমানবন্দরে হেনস্তার শিকার হন তিনি। নিরাপত্তাজনিত অব্যবস্থাপনা, বিমানের সূচি, মালামার সংক্রান্ত ঝামেলা পোহাতে হয় তাকে।
গোটা ঘটনার বিবরণ দিয়ে বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, “গত দুসপ্তাহ ধরে তিন দেশের ছয়টি বিমানবন্দরে ঘুরে ফেলেছি, শেষে দুই সন্তান সহ ‘মুম্বাইয়ের টার্মিনাল ২’-এ এসে দুঃস্বপ্নের মুখোমুখি হই। বিমানবন্দরে তথ্য নিয়ে বিভ্রান্তি। যাত্রীদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা। কে যে কোন দিকে যাবেন, কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। আমরা একদিকে, আমাদের মাল অন্যদিকে। প্রায় ঘণ্টাখানেক পর খুঁজে ব্যাগ পাই। কী দারুণভাবে স্বাগত জানাল আমাদের!”
সোমবার দুই সন্তান ও বন্ধুদের সাথে ভ্রমণের বেশকিছু ছবি-ভিডিও শেয়ার করেন মন্দিরা।
ক্যাপশনে লেখেন, “গ্রীষ্মের ছুটি। ২ সপ্তাহে ৩টি দেশ।”
মন্দিরার স্বামী রাজ কৌশল ২০২১ সালে হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকে দুই সন্তানের সাথে একাই রয়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।
