মস্কো উৎসবে প্রশংসিত দেশের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
প্রথমে একটি প্রদর্শনীর কথা থাকলেও ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ দেখানো হয় দুদিন।
জৌলুশ হারানো যাত্রাশিল্পী নিয়ে নির্মিত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ দেখানো হয়েছে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
প্রদর্শনীর জন্য সিনেমাটি এই উৎসবের ৪৮তম আসরের 'আর্টকোর বিভাগে' নির্বাচিত হয়; প্রথমে একটি প্রদর্শনীর কথা থাকলেও ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ দেখানো হয় দুদিন।
এ কথা গ্লিটজকে জানিয়েছেন পরিচালক আসিফ ইসলাম। তিনি বলেন, গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে মস্কো চলচ্চিত্র উৎসব। উৎসবের তৃতীয় দিন ১৮ এপ্রিল সিনেমাটি প্রিমিয়ার হয়।
“সোমবার আমরা জানতে পারি আমাদের সিনেমার আরও একটি প্রদর্শনী রাখা হয়েছে মঙ্গলবার।”
সিনেমাটি দেখার জন্য রাশিয়ার প্রবাসী বাঙালিদের আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছেন ইকবাল।
“দেখার পর সবাই খুব প্রশংসা করেছেন। বিশেষ করে চিত্রনাট্য যাত্রা নিয়ে বলে দর্শকরা তা খুব সুন্দর করে গ্রহণ করেছেন।"
দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে অনেক বছর ধরে। অতীতে এই শিল্পের যে বৈভব ছিল, তা এখন ম্রিয়মাণ। যাত্রার মঞ্চের বাস্তবজীবনের অভিজ্ঞতা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ এর চিত্রনাট্যে তুলে ধরেছেন বলে জানিয়েছেন নির্মাতা।
সিনেমার প্রেক্ষাপট নিয়ে ইকবাল বলেছেন, যাত্রার সঙ্গে তার পরিচয় শৈশবে। সেই স্মৃতি পুনরুজ্জীবিত করতে ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে যান তিনি।
সেখানে গিয়ে তার মনে হয়, যাত্রার গল্পের চেয়ে দর্শকের আগ্রহ ছিল শহর থেকে আসা এক নৃত্যশিল্পীকে ঘিরে। কয়েকটি দৃশ্যের পরেই পালা থেমে যায়, দর্শকদের দাবির মুখে অপমানে মঞ্চ ছাড়তে হয় পালার প্রধান অভিনেতাকে।
মঞ্চে আসেন সেই নৃত্যশিল্পী। সেদিনের ওই ঘটনার আলোকে সিনেমাটি বানিয়েছেন আসিফ।
ইকবাল বলেন, "চলচ্চিত্রটি বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার পতনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে প্রিন্সেস নামের আবেদনময়ী এক নর্তকী দর্শকদের চাহিদা মেটাতে মঞ্চ দখল করে নেয়। চলচ্চিত্রটি সমাজেরই প্রতিচ্ছবি, যা প্রকাশ করে আমরা কী হয়ে উঠেছি এবং বিনোদনের নামে এখন কী চাইছি।"
‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় অভিনয় করেছেন মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার। আর শহরের নৃত্যশিল্পী প্রিন্সেস রোজি চরিত্রে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
দীপালি অপেরার পরিচালক ধীরেন্দ্র কুমার বাগচীর পরিচালনায় প্রথম যাত্রায় কাজের সুযোগ পান অরবিন্দ । ১৯৭২ সালে পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে এই জগতে পা রাখেন তিনি। তার প্রথম যাত্রাপালা ছিল ‘ডাকিনীর চর’, যা ছিল বাংলার প্রাচীন লোকনাট্যের প্রতি তার আজীবন নিবেদনের সূচনা।
পরের কয়েক দশকে তিনি যাত্রামঞ্চের পরিচিত মুখ হয়ে ওঠেন।
২০১০ সালের পর থেকে ধীরে ধীরে যাত্রাশিল্পে নেমে আসে অবক্ষয়। ফলে অরবিন্দকে মঞ্চ থেকে সরে আসতে হয়। জীবিকা নির্বাহের জন্য তিনি কৃষিকাজে মন দেন।
সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে যাত্রাশিল্পী অরবিন্দ মজুমদার বলেন, "আমি দীর্ঘদিন ধরে সুধীমহলের সামনে অভিনয় করেছি। সিনেমায় অভিনয় আমার কাছে নতুন একটা ব্যাপার।"
এতে আরও অভিনয় করেছেন মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখসহ অনেকে।
