সিনেমার পর্দায় চিত্রশিল্পী মনিরুল ইসলাম
“স্পেনে এখন সে অনেক বড় শিল্পী। সেখানে সাংঘাতিক রকমের ওর কদর। আমার খুব ভালো লেগেছে ওর সাফল্য," বলেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
সিনেমার পর্দায় উঠে এল চিত্রশিল্পী মনিরুল ইসলামের বর্ণিল জীবন। সাত বছর সময় নিয়ে গুনি এ প্রবাসী চিত্রশিল্পীর ওপর বানানো ‘মনির: এ পোট্রেট অব এন আর্টিস্ট' সিনেমাটি প্রদর্শনও হল ঢাকায়।
চলচ্চিত্রটির কারিগর আশিক মোস্তফা জানিয়েছেন, ঢাকা, স্পেন ও শিল্পীর পৈত্রিক নিবাস চাঁদপুরে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে। এতে মনিরুলের শিল্পী জীবনের নানা কথা উঠে এসেছে। দেখা যাবে তার সাদামাটা জীবনের নানা দিক।
রান্না করা, বাজার করার মতো ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গের পাশাপাশি শিল্পী জীবনের তাত্ত্বিক অনেক আলাপও করেছেন খ্যাতিমান এই শিল্পী।
নির্মাতা আশিক বলেন, “সিনেমাটি করতে গিয়ে আমাদের দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। একজন বড় শিল্পীকে দেখেছি ভীষণ সাধারণভাবে।"
মনিরুল ইসলামকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ কেন হল?- এমন প্রশ্নের জবাবে আশিক মোস্তফা গ্লিটজকে বলেন, “প্রায় দুই দশক ধরে উনি বইয়ের মধ্যে ছবি আঁকেন, যেগুলো বিক্রি করবেন না বা বিক্রির জন্য নয়। সেই ছবিগুলোর প্রদর্শনীও করেন না তিনি। এটা অনুসন্ধান করতে গিয়েই উনাকে নিয়ে সিনেমাটি করতে আগ্রহ জেগেছে।
“আমাদের সিনেমার মধ্যেও একটা জায়গায় বিষয়টি এসেছে। এই যে উনার মতো একজন খ্যাতিমান শিল্পী, যিনি ছবি আঁকলেই সেটি বিক্রি হয়, ক্রেতারা উনার চিত্রকর্ম কেনার জন্য লাইন দিয়ে থাকেন। সেই শিল্পী এমন অবস্থানে থেকেও একটা ‘নন কমার্শিয়াল' ক্রিয়েটিভ প্রসেসের মধ্য দিয়ে উনার সৃজনশীল কাজগুলো করে চলেছেন। এটা আমাকে ভাবিয়েছে।"
সিনেমাটি বাংলাদেশের অনেক দর্শকের সামনে আনতে চান জানিয়ে আশিক মোস্তফা বলেন, “আমাদের পরিকল্পনা আছে- সিনেমাটি দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শন করব। আমরা অনেক মানুষকে সিনেমাটি দেখাতে চাই।"
শনিবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী হয়।
সেই আয়োজনে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, “ওয়াটার কালার হল কবিতার মতো। অল্প কথায় অনেক কথা বলে দিতে হয়। বেশি কারিগরি চলবে না, বেশি পাণ্ডিত্য চলবে না।
“মনির সেটি দারুণ আয়ত্ব করে নিয়েছে। স্পেনে এখন সে অনেক বড় শিল্পী। সেখানে সাংঘাতিক রকমের ওর কদর। আমার খুব ভালো লেগেছে ওর সাফল্য।"
সিনেমার প্রযোজক রুবাইয়াত হোসেন বলেন, “এই সিনেমা করতে গিয়ে আমরা শিল্পী মনিরুল ইসলামকে খুব কাছ থেকে দেখতে পেরেছি। একজন শিল্পী এবং ব্যক্তি মনিরুল ইসলাম দারুণ একজন মানুষ।"
নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে শিল্পী মনিরুল ইসলাম বলেন, “ওরা দুজন না থাকলে এই সিনেমাটি হত না। ওরা অনেক পরিশ্রম করে সিনেমাটি বানিয়েছে।"
১৯৪৩ সালে চাঁদপুরে জন্ম নেওয়া মনিরুল পড়াশোনা করেছেন ঢাকার তৎকালীন আর্ট কলেজে। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু ।
তিন বছর বাদে বৃত্তি নিয়ে স্পেনে পাড়ি জমান, এরপর থেকে সেখানেই বসবাস। সময় করে বছরের কয়েকটি মাস থাকেন বাংলাদেশেও।
স্পেন, তুরস্ক, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মনিরুল ইসলামের একক ও যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
স্পেনের সম্মানসূচক ‘রয়েল স্প্যানিশ অর্ডার অব মেরিট’ পুরস্কার অর্জন করেছেন চিত্রশিল্পী মনিরুল। ১৯৯৭ সালে তিনি স্পেনের রাষ্ট্রীয় পদক, ২০১০ সালে স্পেনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা দ্য ক্রস অব দ্য অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা পুরস্কার, ১৯৯৯ সালে বাংলাদেশে একুশে পদক ছাড়াও শিল্পকলা একাডেমি পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটু প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
