অস্কারে বাংলাদেশ থেকে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার ও প্রিয়াম অর্চি।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।
অস্কারের এই বিভাগে সিনেমা মনোনয়নে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ চলচ্চিত্র দুটি জমা পড়ে।
শনিবার সিনেমা দুটি দেখার পর ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি ‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রকে চূড়ান্ত করে বলে কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার ও প্রিয়াম অর্চি।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ হবে অস্কারের ৯৬তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
