Published : 12 Jul 2026, 08:06 PM
নতুন দুইটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গান দুটির শিরোনাম ‘অভিমান শেষে’ ও ‘জানলার কাঁচ’।
গান গাওয়ার পাশাপাশি অগাস্ট মাসে দুইটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এই শিল্পী।
ফাহমিদা নবী গ্লিটজকে বলেন, "‘অভিমান শেষে’ গানটি লিখেছেন রাজু আহমেদ। এহসান রাহীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এটি প্রকাশ পাবে ‘শব্দ কারিগর’ এর ব্যানারে।
অন্য আরেকটি গান ‘জানলার কাঁচ’ লিখেছেন ইমন আহমেদ, আর সুর ও সংগীত করেছেন কামরুজ্জামান সুজন। সম্প্রতি গানটার রেকর্ডিং হয়েছে।
নতুন গানগুলো নিয়ে ফাহমিদা নবী বলেন, “দুটি গানই অসাধারণ হয়েছে। অনেক দিন পর মনের মত দুইটি গান গাইলাম।”
বর্তমান সময়ের ‘ভাইরাল’ সংস্কৃতির বাইরে গিয়ে গান করছেন এই শিল্পী।
তিনি বলেন, “কোম্পানি থেকে শুরু করে শ্রোতা সবাই এখন শুধু ভাইরাল কনটেন্ট খোঁজে। আমরা তো ভালো কথা, ভালো সুর খুঁজি; স্রোতে গা ভাসাতে পারি না। ফলে ভাইরাল গানের মত আমাদের গান ওভাবে হিট করে না। কিন্তু যারা আমার প্রকৃত শ্রোতা তাদের জন্যই আমার এসব গান। আশা করি গান দুইটা তাদের ভালো লাগবে।"

অন্যের সুরে গাওয়ার পাশাপাশি নিয়মিত গানে সুরও করছেন ফাহমিদা নবী। নিজের সুরে তৈরি করা বেশ কিছু গান শিগগিরই সংগীতায়োজন শেষে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে দুই মাস আগে ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তার একক গান 'খেয়ালী সুর'। আমিরুল ইসলাম অরুণের কথায় গানটির সুর ও সংগীত করেছিলেন ফোয়াদ নাসের।
নতুন গানের পাশাপাশি ফাহমিদা নবী জানিয়েছেন, তার যুক্তরাষ্ট্র সফরের খবর। দুইটি শো করতে আগামী ৮ অগাস্ট দেশ ছাড়বেন তিনি। এর মধ্যে ১৬ অগাস্ট ভার্জিনিয়ায় এবং ২৯ অগাস্ট লস এঞ্জেলেসের কনসার্টে পারফর্ম করবেন তিনি।