Published : 11 May 2026, 12:40 AM
দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের (বামূফে) ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী।
গত শুক্র ও শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা, মূকাভিনয় প্রদর্শনী এবং অনলাইন সেমিনারের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে সংগঠনটি।
বর্ষপূর্তির অংশ হিসেবে ‘মূক-মেকআপ: ঐচ্ছিক না আবশ্যিক’ শীর্ষক একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয়।
এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মূকবলাকা দলের প্রধান স্নিগ্ধা ফেরদাউস। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন এবং চিত্র ও মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন।
সেমিনারে সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদী এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।
সেমিনারে অতিথিরা বলেন, দীর্ঘ ১৬ বছরের পথচলায় বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন দেশের মূকাভিনয় শিল্পচর্চার একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে বিদেশি মূকাভিনয় শিল্পীরাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এছাড়া ৯ মে সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘মূকাভিনয় কর্মশালা’ হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন স্নিগ্ধা ফেরদাউস। কর্মশালার আয়োজনে সহযোগিতা করে দ্য মামার্স, শাওন মাইম একাডেমি ও মূকবলাকা। এতে আরও উপস্থিত ছিলেন শহিদুল মুরাদ ও শাহরিয়ার শাওনসহ সংশ্লিষ্ট শিল্পীরা।
ফেডারেশন বলছে, ভবিষ্যতে মূকাভিনয় শিল্পের বিকাশ, নতুন শিল্পী তৈরি এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে কাজ চালিয়ে যাবে তারা।