২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

'ইত্যাদি' এবার মোংলায়

এই পর্বটি দেখা যাবে শুক্রবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।

'ইত্যাদি' এবার মোংলায়
'ইত্যাদি' অনুষ্ঠানের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 01:52 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' র এবারের পর্ব ধারণ করা হয়েছে মোংলা সমুদ্রবন্দরে।

এই পর্বটি দেখা যাবে শুক্রবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন আর স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানের শুরুতে বাগেরহাটকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় পরিচিতিমূলক একটি গান ও নাচ রয়েছে । নাচের কোরিওগ্রাফি করেছেন সোহান, কণ্ঠ দিয়েছেন রাজীব, অয়ন চাকলাদার, তানজিনা রুমা ও এমেলী।

গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী।

ইত্যাদির এই পর্বের আরেকটি সংগীত পরিবেশন করবেন বাগেরহাটের কণ্ঠশিল্পী নাসির ও শিল্পী সানজিদা রিমি। কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

এছাড়াও বাগেরহাটের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন দেখান হবে। যেটি সুন্দরবন, মোংলা সমুদ্রবন্দরসহ বিভিন্ন দর্শনীয় পর্যটনকেন্দ্র ও প্রত্নসম্পদ এবং হজরত খানজাহানের কীর্তিশোভিত স্থান ও স্থাপনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের উত্তর দিকে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে শিল্পীরা হলেন সোলায়মান খোকা, বাবুল আহমেদ, আবদুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, কাজী আসাদ, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, জামিল হোসেন, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, আবু হেনা রনি, আনোয়ারুল আলম সজল, আনন্দ খালেদ সুবর্ণা মজুমদার, সিয়াম নাসির, শামীম আহমেদ, নিপুসহ অনেকে।

বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার।

পরিচালকের সহকারী ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।