২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিরিন আপাকে ভোট দিন’

রিমি বলেন, “নাটকে আমার বিয়ে হবার পর স্বামীর অত্যাচারের শিকার হয়েছি। অবস্থা যখন সংকটাপন্ন তখন বেয়াই আশিক মানে মোশাররফ করিম আমাকে বুদ্ধি দিয়ে উপকার করেন।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 05:54 PM

Updated : 18 Nov 2022, 05:57 PM

বিয়ের পর থেকেই চেয়ারম্যান স্বামীর নির্যাতন সহ্য করে আসছিলেন শিরিন আক্তার; একদিন স্বামীকে শিক্ষা দিতে তার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হন, আর গ্রামবাসীর বিপুল ভোটে তিনি জিতেও যান।

ধারাবাহিক ‘বউ দৌড়’ নাটকের এই ঘটনাক্রম দেখা যাবে ৯০তম পর্ব থেকে; প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলাভিশন চ্যানেলে।

নাটকে শিরিন আক্তার চরিত্রে অভিনয় করছেন রিমি করিম। তার স্বামী কামরান চেয়ারম্যানের চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ।

রিমি করিম গ্লিটজকে বলেন, “আমি শুরু থেকেই নাটকটিতে অভিনয় করছি। এখন ৮৮পর্ব চলছে। আমরা ১০৪ পর্ব পর্যন্ত শুটিং সম্পন্ন করেছি।”

নাটকে এখন কোন চরিত্রে অভিনয় করছেন- জানতে চাইলে রিমি বলেন, “নাটকে আমি শিরিন আক্তার। আমার চরিত্র হচ্ছে খুবই পজিটিভ ও পরোপকারী একটা নারী। অসহায় মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াই। বিশেষ করে যেসকল মেয়েরা প্রতিভাবান হবার পরেও পুরুষশাসিত সমাজে অবহেলিত ও নির্যাতিত তাদের নিয়ে কাজ করাই আমার উদ্দেশ্য। আমার সংগঠনের নাম ‘বিন্দু বিন্দু জল’। এটার প্রতিষ্ঠাতা আমি।”

Image

‘বউ দৌড়’ নাটকে শিরিন আক্তারের ভূমিকায় অভিনয় করছেন রিমি করিম।

রিমি বলেন, “নাটকে আমার বিয়ে হবার পর স্বামীর অত্যাচারের শিকার হয়েছি। স্ত্রীর অধিকার না পেয়ে দিনরাত মার খেয়েছি। অবস্থা যখন সংকটাপন্ন তখন বেয়াই আশিক মানে মোশাররফ করিম আমাকে বুদ্ধি দিয়ে উপকার করেন।

“আমাকে আর নির্যাতন সহ্য না করে স্বামীর বিরুদ্ধে নির্বাচন করতে বলেন। এতে করে সে যেন নিজের অপরাধ বুঝতে পারে এবং নারীদের সম্মান করতে শেখে।”

এরপর গ্রামের মানুষ মিলে নতুন চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের মাধ্যমে শিরিন আপাকে নির্বাচিত করেন বলে জানান রিমি।

নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম ছাড়াও শামীম জামান, জুঁই করিম, সমাপ্তি মাশুক, শহীদুল্লাহ সবুজসহ অনেকে অভিনয় করেছেন। পরিচালনা করছেন শামস করিম।